বিচার দাবিতে ফের শাহবাগ থানার সামনে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী নাঈম উদ্দিনের ওপর পুলিশি হামলার প্রতিবাদে আবারও শাহবাগ থানার সামনে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ায় আজ বৃহস্পতিবার দুপুর দেড়টায় রাজু ভাস্কর্য থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে তারা শাহবাগে সমবেত হন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, গত ২৩ ফেব্রুয়ারি নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাঈম উদ্দীনকে পুলিশি হেনস্তার ঘটনায় তারা গত ২৪ ফেব্রুয়ারি শাহবাগ থানায় প্রতিবাদ সমাবেশ করেছিলেন। ওই সময় পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা, নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং ডিসি মাসুদসহ দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় শিক্ষার্থীরা পুনরায় রাজপথে নামতে বাধ্য হয়েছেন।

শিক্ষার্থীরা মিছিলে পুলিশের ‘আক্রমণাত্মক’ আচরণের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তারা জানিয়েছেন, আজকের বিক্ষোভ মিছিল শেষে তাদের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর একটি স্মারকলিপি পেশ করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।

মাদকবিরোধী অভিযানের নামে সাধারণ শিক্ষার্থীদের হয়রানি করা হচ্ছে-এমন অভিযোগ তুলে শিক্ষার্থীরা ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। অন্যদিকে, শাহবাগ থানা সূত্রে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি।

লামিয়া আক্তার