বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকসহ ২৩ শিক্ষার্থীর বিরুদ্ধে মোটরসাইকেল চুরি ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা তানজিদুল হক (তানজিদ মঞ্জু)। বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্রুত বিচার আমলি আদালতে এই মামলাটি দায়ের করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ২৬ আগস্ট রাত ১টার দিকে বরিশাল মেরিন অ্যাকাডেমির সামনে নভোথিয়েটার সংলগ্ন আনন্দবাজার এলাকায় বাদী তানজিদ মঞ্জুর একটি মোটরসাইকেল চুরি করে তাতে অগ্নিসংযোগ করা হয়। মামলায় ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. মিঠুকে ১ নম্বর এবং ববি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমানকে ৭ নম্বর আসামি করা হয়েছে। অভিযুক্ত অন্যান্যদের মধ্যে রয়েছেন ইংরেজি বিভাগের বাবুল মিয়া, রাকিন, আতিক আবদুল্লাহ এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের ইব্রাহিম হোসেন স্বজনসহ ২৩ জন।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, ২০২৫ সালের ২৪ আগস্ট নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এই নেতাকে আটকের চেষ্টা করা হলে তিনি পালিয়ে যান। ওই সময় ঘটনাস্থলে তাঁর ফেলে যাওয়া মোটরসাইকেলটিতে আগুন দেওয়া হয়। দীর্ঘ সময় পর সেই ঘটনাকে কেন্দ্র করেই এখন চুরির মামলা দায়ের করেছেন তিনি।
মামলার বিষয়ে ববি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “অন্তর্বর্তী সরকারের সময়ে যে বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছিল, এ মামলা তারই প্রমাণ। কোনো প্রকার তথ্য-প্রমাণ ছাড়াই নিষিদ্ধ সংগঠনের একজন নেতার করা এটি একটি চরম হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সাল জানান, তিনি মামলার বিষয়টি শুনেছেন। উপাচার্য দপ্তর থেকে এ বিষয়ে তথ্য চাওয়া হলেও শিক্ষার্থীদের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অপরাধমূলক তথ্য বা প্রমাণ এখন পর্যন্ত মেলেনি।
–লামিয়া আক্তার










