জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে অনন্য কৃতিত্ব দেখিয়েছে দিনাজপুরের চিরিরবন্দরের আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল। সারা দেশে প্রথম স্থান অর্জনের পাশাপাশি প্রতিষ্ঠানটি গড়েছে শতভাগ সাফল্যের নজির ।
স্কুলটির পক্ষ থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৮৪ জন শিক্ষার্থীর সবাই বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ৬৮ জন ট্যালেন্টপুলে এবং ১৬ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৫৫ জন ছাত্র ও ২৯ জন ছাত্রী রয়েছে। এক প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চসংখ্যক ট্যালেন্টপুল বৃত্তি অর্জনের ঘটনাও এটিই বলে জানা গেছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. রেজাউল করিম চৌধুরী বলেন, দিনাজপুর বোর্ডের আওতায় এটিই সর্বোচ্চ সাফল্য। তিনি জানান, অন্যান্য বোর্ডেও একক কোনো প্রতিষ্ঠান থেকে শতভাগ বৃত্তি ও এতসংখ্যক ট্যালেন্টপুল বৃত্তির নজির এখনো পাওয়া যায়নি।
প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যক্ষ মো. মমিনুল ইসলাম মমিন বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ সাফল্য এসেছে। শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতাই তাদের এগিয়ে নিয়েছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
-বেলাল










