গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় সড়ক ও জনপথের ড্রেনের মেনহোলে পড়ে এক অজ্ঞাত কিশোরের (১৫) মৃত্যু হয়েছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে লাশ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা সম্ভব হয়নি।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার পাশে একটি অরক্ষিত মেনহোলে এক কিশোর পড়ে নিখোঁজ হয়। পরে বিষয়টি স্থানীয়রা ফায়ার সার্ভিসে জানান।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ওই কিশোরের লাশ উদ্ধার করেন। পরে লাশটি কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়। তবে এখনো নিহতের পরিচয় সনাক্ত করা যায়নি। নিহতের পড়নে ছিল খয়েরি রঙের প্যান্ট ও কালো জ্যাকেট।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ ইফতেখার হাসান রায়হান চৌধুরী জানিয়েছেন, এক ঘণ্টার চেষ্টায় লাশ উদ্ধার করা হয়েছে এবং পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক সানোয়ার হোসেন জানান, লাশ উদ্ধার করা হয়েছে, তবে নিহতের পরিচয় এখনও জানা যায়নি।
-সাইমুন










