ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ উপজেলায় দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে মহাসড়কের ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে বলে গৌরনদী মহাসড়ক থানার ওসি শামীম শেখ জানিয়েছেন।
নিহত কবির হোসেন ইসলাম পরিবহনের বাসের চালক।
ওসি শামীম শেখ জানান, পাথরঘাটা থেকে ঢাকাগামী ইসলাম পরিবহনের একটি বাস এবং ঢাকা থেকে বরিশালগামী লাবিবা পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের চালকসহ অন্তত ২০ যাত্রী আহত হন।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেয়ার পর ইসলাম পরিবহনের বাসচালককে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ঘটনার পর মহাসড়ক ও বাবুগঞ্জ থানা পুলিশ এবং বাবুগঞ্জ ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসামা উল হুসনা। প্রায় পৌনে এক ঘণ্টা পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
-সাইমুন










