ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির নামে আওয়ামীপন্থি কয়েকজন শিক্ষক শহীদ মিনারে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন বলে অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল।
গতকাল এক বিবৃতিতে এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার।
বিবৃতিতে নেতারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল গভীর ক্ষোভ ও উদ্বেগের সঙ্গে লক্ষ করেছে যে, বর্তমানে অকার্যকর ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ব্যানারে পতিত স্বৈরাচারের দোসর কয়েকজন শিক্ষকের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের নামে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন। সাদা দল বর্তমানে অস্তিত্বহীন শিক্ষক সমিতির নামে এই ‘অনৈতিক ও ধৃষ্টতাপূর্ণ’ কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
তারা আরও বলেন, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কোনো বৈধ বা কার্যকর কমিটি নেই। যারা নিজেদের এ সমিতির দায়িত্বশীল বলে দাবি করছেন, তাদের কোনো নৈতিক বা আইনি ভিত্তি নেই। এই তথাকথিত দায়িত্বশীলরা ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের সময় খুনি স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করেছেন। তারা সরাসরি অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নিয়ে সাধারণ শিক্ষার্থীদের রক্ত ঝরানোর পথকে প্রশস্ত করেছিলেন।
-সাইমুন










