দুর্নীতির মামলায় পলাতক আসামি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ দিয়েছেন আদালত। ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় এই আদেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ প্রদান করেন। দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর পলাতক এই আসামিকে আইনের আওতায় আনতে রেড নোটিশ জারির পক্ষে যুক্তি উপস্থাপন করলে আদালত তা মঞ্জুর করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন আদেশের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, টিউলিপ সিদ্দিক তার পারিবারিক ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোনো অর্থ পরিশোধ ছাড়াই ‘ইস্টার্ন হাউজিং লিমিটেড’ থেকে অবৈধ পারিতোষিক হিসেবে একটি ফ্ল্যাট গ্রহণ করেছেন। রেজিস্ট্রি দলিলের মাধ্যমে সেই ফ্ল্যাটের দখল বুঝে নিয়ে তিনি ক্ষমতার অপব্যবহার ও আর্থিক অনিয়ম করেছেন বলে প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে টিউলিপ সিদ্দিক পলাতক রয়েছেন। তিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি হওয়ায় এখন আন্তর্জাতিকভাবে তাকে গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু হবে। এর মাধ্যমে ব্রিটিশ সরকারের ওপর তাঁকে হস্তান্তরের ব্যাপারে আইনি চাপ তৈরি হতে পারে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।
–লামিয়া আক্তার










