শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের দুই দিনব্যাপী প্রকাশনা ও নববর্ষ উৎসব

দুই দিনব্যাপী প্রকাশনা ও নববর্ষ উৎসব পালন করছে ইসলামী ছাত্রশিবির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা।

গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় বসেছে এই উৎসব। আজ এটির শেষ দিন। সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলার পাশে দুটি স্টলে এই উৎসবের কার্যক্রম চলমান রয়েছে। ছাত্রদের জন্য ‘শহীদ শরিফ ওসমান বিন হাদি’ স্টল এবং ছাত্রীদের জন্য ‘শহীদ আবরার ফাহাদ’ স্টল।

স্টলগুলোতে জুলাই বিপ্লব নিয়ে শাবিপ্রবি শিক্ষার্থীদের লেখা বই, ছাত্রশিবিরের তিন পৃষ্ঠার ক্যালেন্ডার, ছোট-বড় তিন ধরনের ডায়েরি, বড় ও ছোটদের জন্য শিক্ষামূলক ও ইসলামিক বইসহ প্রায় ত্রিশ ধরনের প্রকাশনা সামগ্রী পাওয়া যাচ্ছে।

প্রকাশনা উৎসবে আসা কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বললে তারা জানায়, খুবই সুন্দর সুন্দর প্রকাশানা সামগ্রী পাওয়া যাচ্ছে শিবিরের প্রকাশনা উৎসবে। বিগত সময়গুলোতে এমন আয়োজন খুব একটা চোখে পড়েনি। এরকম নতুনত্বমূলক আয়োজনের ধারাবহিকতা শিবির ধরে রাখবে সেই প্রত্যাশা রাখছি।

শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদুল ইসলাম বলেন, “ এটি আমাদের নিয়মিত আয়োজনের  অংশ। প্রতি বছর নববর্ষ উপলক্ষে আমরা প্রকাশনা প্রকাশ করি। আমাদের বার্তা হচ্ছে ছাত্ররাজনীতির পুরোনো ধারা থেকে বের হয়ে ক্যারিয়ারভিত্তিক ছাত্ররাজনীতি গড়ে তোলা। সেই প্রত্যাশা থেকেই আমাদের এ আয়োজন। এ ধরনের গঠনমূলক কার্যক্রম আমরা সব সময় করে আসছি এবং ভবিষ্যতেও অব্যাহত রাখব।”

তিনি আরো বলেন, “আমরা ভালো সাড়া পাচ্ছি। ক্লাসের ফাঁকে শিক্ষার্থীরা আসছেন, প্রকাশনা কিনছেন। আমাদের পক্ষ থেকে কিছু উপহারও দেওয়া হচ্ছে। উপহারের মধ্যে রয়েছে রমাদান প্ল্যানার ও ক্যালেন্ডার। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে জুলাই আন্দোলন নিয়ে শাবিপ্রবি শিক্ষার্থীদের লেখা ‘জুলাই স্মৃতি’ বই।”

সেক্রেটারি মুজাহিদ বলেন, “আমাদের তিন পাতার ক্যালেন্ডারে জুলাই ও বিজ্ঞান-প্রযুক্তিনির্ভর বিভিন্ন ফিচার তুলে ধরা হয়েছে। এছাড়া শিবিরের সিলেবাসভিত্তিক সাহিত্য, রমাদান পরিকল্পনা ও নিজস্ব প্রকাশনীর বইও রয়েছে।”

-বেলাল