টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরও তিন যাত্রী।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সাগরদিঘী ইউনিয়নের আমতৈল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হচ্ছেন উপজেলার ধলাপাড়া ইউনিয়নের গাংগাইর গ্রামের মৃত মাইন উদ্দিনের ছেলে অটোরিকশাচালক মোয়াজ্জেম হোসেন খুকু (৭০)।
সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এএসআই মো. আজিজুল হক জানান, বৃহস্পতিবার বিকেলে চারজন যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত একটি অটোরিকশা সাগরদিঘী বাজারে যাওয়ার সময় সময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি উল্টে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন।
এ সময় অটোরিকশার তিন যাত্রী ও চালক আহত হন। তাদের উদ্ধার করে সাগরদিঘী ট্রমা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক চালক মোয়াজ্জেম হোসেন খুকুকে মৃত ঘোষণা করেন। অপর তিন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
-সাইমুন










