ইফতারের পর বা ডিনারের শেষে একটু মিষ্টি খাবার আমাদের ঐতিহ্য। সাধারণ পায়েসের বদলে আজ তৈরি করুন ‘ফিরনি-এ-খাস’। মাটির পাত্রে জমানো এই ফিরনি আপনার ইফতার টেবিলে নিয়ে আসবে মুঘল আভিজাত্য।
উপকরণ: চিনিগুঁড়া চালের গুঁড়ো আধা কাপ (আধভাঙ্গা বা সুজির মতো দানাদার), ঘন দুধ ১.৫ লিটার, মাওয়া (গুঁড়ো করা) আধা কাপ, চিনি ১ কাপ (স্বাদমতো), জাফরান এক চিমটি (গরম দুধে ভেজানো), কাঠবাদাম ও পেস্তা কুচি ২ টেবিল চামচ, কেওড়া জল ১ চা চামচ
প্রণালি: দুধ জ্বাল দিয়ে ১ লিটার করে নিন। এবার আধভাঙ্গা চালের গুঁড়ো দুধে দিয়ে অনবরত নাড়তে থাকুন যাতে তলায় লেগে না যায়। চাল সেদ্ধ হয়ে দুধ ঘন হয়ে এলে এতে চিনি ও মাওয়া মিশিয়ে দিন। মিশ্রণটি ঘন হয়ে ক্রিমের মতো হলে এতে জাফরান মিশ্রিত দুধ এবং কেওড়া জল দিয়ে নামিয়ে নিন। ছোট ছোট মাটির পাত্রে ঢেলে ওপরে বাদাম কুচি ছড়িয়ে দিন। ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে পরিবেশন করুন রাজকীয় এই ফিরনি।
-বিথী রানী মণ্ডল










