শেরপুর পৌরসভায় সেবা উন্নয়নে এমপি রাশেদুলের মতবিনিময়

শেরপুর পৌরসভার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং নাগরিক সেবার মান উন্নয়নের লক্ষ্যে পৌরসভার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন শেরপুর সদর আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি রাশেদুল ইসলাম বলেন, পৌরসভা নাগরিক সেবার মূল কেন্দ্র। সাধারণ মানুষ যেন কোনো ধরনের ভোগান্তি ছাড়াই নির্ধারিত সময়ে প্রয়োজনীয় সেবা পায়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে শেরপুর পৌরসভাকে একটি আধুনিক ও আদর্শ প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব। এ জন্য কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিত ও আন্তরিক প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় পৌরসভার বিদ্যমান অবকাঠামোগত সমস্যা, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সেবার মান আরও বৃদ্ধি করতে করণীয় বিষয়েও মতামত তুলে ধরেন অংশগ্রহণকারীরা।

এ সময় জেলা জামায়াতের শুরা সদস্য জাকারিয়া আব্দুল বাতেনসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

-মো. মাকসুদুর রহমান, শেরপুর