বেঙ্গালুরুতে বাংলাদেশি সন্দেহে ১৮ জন আটক

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু থেকে বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক করেছে কর্ণাটক রাজ্য পুলিশ। আটকদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্দেহজনক গতিবিধির কারণে ওই ১৮ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে কোনো বৈধ নথিপত্র পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার বিকেলে বেঙ্গালুরু-হাওড়া দুরন্ত এক্সপ্রেসে করে তাদের পশ্চিমবঙ্গে নিয়ে আসা হয়। এরপর তাদের কোথায় নেওয়া হবে, তা এখনও স্পষ্ট নয়।

জানা গেছে, আটক ১৮ জনের মধ্যে শিশু ছাড়া বাকিরা বেঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন। তারা দীর্ঘদিন সেখানে অবস্থান করছিলেন। তবে সম্প্রতি তাদের গতিবিধি নিয়ে সন্দেহের সৃষ্টি হলে পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। একপর্যায়ে নাগরিকত্ব-সংক্রান্ত বৈধ নথিপত্র দেখতে চাইলে তারা তা প্রদর্শনে ব্যর্থ হন।

হাওড়া স্টেশনে আনার পর তাদের কোথায় নেওয়া হয়েছে বা হবে সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে পুলিশ কর্মকর্তাদের জিজ্ঞাসা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

-এমইউএম