মেথি পনির উত্তর ভারতীয় ধাঁচের একটি জনপ্রিয় খাবার। মেথির হালকা তিতকুটে স্বাদ আর পনিরের নরম টেক্সচার দুটো মিলে তৈরি হয় ঘন, সুগন্ধি একটি কারি। রুটি, নান বা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে।
উপকরণ: পনির ২০০/২৫০ গ্রাম (কিউব করে কাটা), মেথি শাক (কুচি করা) ১ কাপ, পেঁয়াজ বাটা বা কুচি ১টি বড়, টমেটো বাটা–১টি বড়, আদা-রসুন বাটা–১ চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, গরম মসলা–আধা চা চামচ, কাঁচা মরিচ ২টি, ফ্রেশ ক্রিম বা দুধ ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, তেল বা ঘি ৩ টেবিল চামচ।
রান্নার পদ্ধতি: প্রথমে পনির হালকা তেলে ২–৩ মিনিট ভেজে তুলে রাখুন (না ভাজলেও চলবে)। কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ ভেজে হালকা বাদামি করুন। এরপর আদা-রসুন বাটা দিয়ে কষান। টমেটো বাটা দিয়ে ভালোভাবে রান্না করুন যতক্ষণ না তেল ছেড়ে আসে।
এবার হলুদ, মরিচ, জিরা গুঁড়া ও লবণ দিয়ে মশলা কষিয়ে নিন। তারপর কুচি করা মেথি শাক দিয়ে দিন। শাক নরম হয়ে এলে অল্প গরম পানি দিন। এরপর পনির কিউব দিয়ে ঢেকে ৫-৭ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। শেষে গরম মসলা, কাঁচা মরিচ ও সামান্য ক্রিম বা দুধ দিয়ে ২ মিনিট দম দিন।
-বিথী রানী মণ্ডল










