জাফরানি বাদাম-পেস্তা শরবত

সারাদিন না খেয়ে থাকার পর ইফতারে তাৎক্ষণিক শক্তির জন্য বাদাম ও জাফরানের এই রাজকীয় পানীয়টির কোনো বিকল্প নেই। এটি কেবল তৃষ্ণা মেটায় না, বরং মস্তিষ্কের ক্লান্তি দূর করে প্রশান্তি দেয়।

উপকরণ: কাঠবাদাম ও পেস্তা বাদাম আধা কাপ (ভেজানো ও খোসা ছাড়ানো), ঘন দুধ ১ লিটার,জাফরান এক চিমটি (সামান্য দুধে ভেজানো), চিনি বা মধু স্বাদমতো, এলাচ গুঁড়ো সামান্য, বরফ কুচি ও গোলাপ জল সামান্য

প্রণালি: ভেজানো কাঠবাদাম ও পেস্তা বাদাম সামান্য দুধ দিয়ে ব্লেন্ডারে মিহি করে পেস্ট করে নিন।
এবার একটি বড় পাত্রে জ্বাল দেওয়া ঘন ঠান্ডা দুধ নিন। তাতে বাদাম পেস্টটি ভালো করে মিশিয়ে দিন।
এরপর এতে স্বাদমতো চিনি বা মধু, এলাচ গুঁড়ো এবং জাফরান ভেজানো দুধটুকু দিয়ে দিন। জাফরানের কারণে পানীয়টিতে একটি চমৎকার সোনালি রঙ ও রাজকীয় সুঘ্রাণ আসবে।

সামান্য গোলাপ জল মিশিয়ে মিশ্রণটিকে ২০ মিনিট ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নিন।
ইফতারের সময় গ্লাসে ঢেলে ওপরে কিছু বাদাম কুচি ও বরফ দিয়ে পরিবেশন করুন। এই এক গ্লাস শরবত আপনার সারাদিনের রোজার ক্লান্তি নিমেষেই দূর করে দেবে।

-বিথী রানী মণ্ডল