সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা প্ল্যাটফর্মস অধিকাংশ কর্মীর জন্য বার্ষিক শেয়ার-ভিত্তিক পুরস্কার প্রায় ৫% কমিয়েছে বলে জানিয়েছে ফিন্যান্সিয়াল টাইমস। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিপুল বিনিয়োগের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ এআই অবকাঠামো ও ডেটা সেন্টার নির্মাণে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করছেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হয়নি কোম্পানিটি।
মেটা জানুয়ারিতে জানায়, ২০২৬ সালে তাদের মূলধনী ব্যয় ১১৫ বিলিয়ন থেকে ১৩৫ বিলিয়ন ডলারের মধ্যে হতে পারে। সিলিকন ভ্যালিতে এআই প্রতিযোগিতায় এগিয়ে থাকতে বিগ টেক কোম্পানিগুলো ব্যাপক হারে ডেটা সেন্টার নির্মাণ করছে। চলতি বছরে প্রযুক্তি খাত সম্মিলিতভাবে অন্তত ৬৩০ বিলিয়ন ডলার এআই-খাতে ব্যয় করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এফটি জানায়, টানা দ্বিতীয় বছরের মতো মেটা অধিকাংশ কর্মীর ইকুইটি-ভিত্তিক পুরস্কার কমালো। গত বছরও প্রায় ১০% কমানো হয়েছিল, যা অনেক কর্মীকে বিস্মিত করেছিল।
এদিকে, মেটার রিয়ালিটি ল্যাবস বিভাগ যেখানে ভার্চুয়াল রিয়ালিটি ও “মেটাভার্স” প্রকল্প পরিচালিত হয় সেখানে সম্প্রতি প্রায় ১০% কর্মী ছাঁটাই করা হয়েছে। ২০২১ সাল থেকে বিভাগটি ৭০ বিলিয়ন ডলারের বেশি লোকসান গুনেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এখন কোম্পানিটি ভার্চুয়াল রিয়ালিটির কিছু প্রকল্প থেকে সরে এসে পরিধানযোগ্য প্রযুক্তিতে বেশি গুরুত্ব দিচ্ছে।
মেটা যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে গিগাওয়াট-স্কেলের একাধিক ডেটা সেন্টার নির্মাণ করছে, যার মধ্যে লুইজিয়ানার একটি প্রকল্পের ব্যয় প্রায় ৫০ বিলিয়ন ডলার হতে পারে বলে জানানো হয়েছে।
বিশ্লেষকদের মতে, এআই প্রতিযোগিতায় এগিয়ে থাকতে মেটা ব্যয় বাড়ালেও, কর্মীদের প্রণোদনা কমানো ভবিষ্যতে অভ্যন্তরীণ মনোবলে প্রভাব ফেলতে পারে।
সূত্র: রয়টার্স
সাবরিনা রিমি/










