ভারত এআই সম্মেলনে ঐক্যের আহ্বান, কিন্তু মঞ্চে অস্বস্তিতে অল্টম্যান–আমোদেই

ভারতের এআই ইমপ্যাক্ট সামিটে ঐক্যের প্রতীকী প্রদর্শন করতে গিয়ে বিব্রতকর মুহূর্তের জন্ম দিলেন বিশ্বের দুই প্রতিদ্বন্দ্বী প্রযুক্তি নেতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঞ্চে উপস্থিত কর্পোরেট নেতাদের হাত তুলে একসঙ্গে দাঁড়ানোর আহ্বান জানালে অধিকাংশই সাড়া দেন। তবে পাশাপাশি দাঁড়িয়েও হাত মেলাননি স্যাম অল্টম্যান ও ডারিও আমোদেই।

মঞ্চে মোট ১৩ জন প্রযুক্তি নির্বাহী ছিলেন। তাঁদের মধ্যে Sundar Pichai-সহ অনেকেই প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দেন। কিন্তু সিলিকন ভ্যালির তীব্র বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতায় জড়িয়ে থাকা অল্টম্যান ও আমোদেই নিজেদের হাত আলাদা রেখেই দাঁড়ান। ঘটনাটি ক্যামেরায় ধরা পড়ে এবং সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই এটিকে ওপেনএআই ও অ্যানথ্রপিকের মধ্যকার “এআই কোল্ড ওয়ার”-এর প্রতীক হিসেবে উল্লেখ করেন।

পরে ভারতীয় সংবাদমাধ্যম মানিকন্ট্রোলকে অল্টম্যান বলেন, “মঞ্চে কী ঘটছিল, আমি বুঝতে পারিনি। আমাদের কী করতে বলা হচ্ছিল, তা স্পষ্ট ছিল না।”

অ্যানথ্রপিক ২০২১ সালে প্রতিষ্ঠিত হয়, যখন আমোদেইসহ কয়েকজন সাবেক ওপেনএআই কর্মী নিরাপত্তা, বাণিজ্যিকীকরণ ও নেতৃত্বের ধরন নিয়ে মতবিরোধের জেরে আলাদা হয়ে যান। সেই বিভাজন এখন পূর্ণাঙ্গ বাণিজ্যিক প্রতিযোগিতায় রূপ নিয়েছে। চলতি বছরের সুপার বোল সম্প্রচারে অ্যানথ্রপিক ব্যঙ্গাত্মক বিজ্ঞাপন প্রচার করে ওপেনএআই-এর চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন যুক্ত করার পরিকল্পনাকে কটাক্ষ করে।

এদিকে, সম্মেলনটি কিছু সাংগঠনিক বিশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সমালোচনার মুখে পড়লেও ২০০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ প্রতিশ্রুতি আকর্ষণ করেছে বলে আয়োজকরা জানিয়েছেন। তবে নির্ধারিত মূল বক্তব্যের কয়েক ঘণ্টা আগে বিল গেটস তার অংশগ্রহণ বাতিল করায় সম্মেলনে কিছুটা অস্বস্তি তৈরি হয়।

বিশ্লেষকদের মতে, ভারতের এআই উচ্চাকাঙ্ক্ষা বিশ্ব প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য বড় সুযোগ তৈরি করলেও, শীর্ষ প্রতিদ্বন্দ্বীদের পারস্পরিক সম্পর্কের টানাপোড়েন মঞ্চেও স্পষ্ট হয়ে উঠেছে।

সূত্র: রয়টার্স

সাবরিনা রিমি/