চীনের সবচেয়ে বেশি দর্শকপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান CCTV Spring Festival Gala–এ এবার কেন্দ্রবিন্দুতে ছিল মানবাকৃতি (হিউম্যানয়েড) রোবট। লুনার নিউ ইয়ার উপলক্ষে আয়োজিত এই বার্ষিক অনুষ্ঠানকে যুক্তরাষ্ট্রের সুপার বোলের সঙ্গে তুলনা করা হয় প্রভাব ও জনপ্রিয়তার দিক থেকে।
গালায় চারটি উদীয়মান হিউম্যানয়েড রোবট স্টার্টআপ Unitree Robotics, Galbot, Noetix এবং MagicLab তাদের উদ্ভাবন প্রদর্শন করে। অনুষ্ঠানের শুরুতেই ইউনিট্রির একাধিক রোবট মার্শাল আর্ট প্রদর্শন করে দর্শকদের চমকে দেয়। তলোয়ার, লাঠি ও নানচাকু হাতে রোবটগুলো মানুষের সঙ্গে সমন্বয়ে লড়াইয়ের দৃশ্য উপস্থাপন করে।
বিশেষভাবে আলোচিত হয় ‘ড্রাঙ্কেন বক্সিং’ শৈলীর অনুকরণ, যেখানে রোবট পড়ে গিয়ে আবার নিজে উঠে দাঁড়ানোর সক্ষমতা (ফল্ট রিকভারি) দেখায়। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এটি বহু-রোবট সমন্বয় ও গতিশীল নিয়ন্ত্রণে চীনের অগ্রগতির প্রমাণ।
অনুষ্ঠানে Alibaba–এর এআই চ্যাটবট ডৌবাও-ও উপস্থিত ছিল। পাশাপাশি নোয়েটিক্সের চারটি রোবট কৌতুক নাটকে অংশ নেয় এবং ম্যাজিকল্যাবের রোবটরা ‘We Are Made in China’ গানে মানুষের সঙ্গে সমন্বিত নৃত্য পরিবেশন করে।
চীনের প্রেসিডেন্ট Xi Jinping গত এক বছরে পাঁচজন রোবটিক্স স্টার্টআপ প্রতিষ্ঠাতার সঙ্গে সাক্ষাৎ করেছেন, যা খাতটির প্রতি সরকারের বিশেষ আগ্রহের ইঙ্গিত দেয়। বিশ্লেষকদের মতে, রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তাকে চীন তাদের ‘এআই+ ম্যানুফ্যাকচারিং’ কৌশলের কেন্দ্রে রেখেছে, যাতে বার্ধক্যজনিত শ্রমঘাটতি মোকাবিলায় উৎপাদনশীলতা বাড়ানো যায়।
গবেষণা প্রতিষ্ঠান ওমডিয়ার তথ্য অনুযায়ী, গত বছর বিশ্বব্যাপী সরবরাহকৃত প্রায় ১৩ হাজার হিউম্যানয়েড রোবটের ৯০ শতাংশই চীনের দখলে ছিল। এ বছর বিক্রি দ্বিগুণ হয়ে ২৮ হাজারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে মর্গান স্ট্যানলি।
অন্যদিকে মার্কিন কোম্পানি টেসলার ‘অপ্টিমাস’ রোবট নিয়ে কাজ করছেন ইলন মাস্ক। তিনি সম্প্রতি মন্তব্য করেন, মানবাকৃতি রোবট খাতে তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হবে চীনা কোম্পানিগুলো।
বিশেষজ্ঞদের মতে, সিসিটিভি গালার মঞ্চ শুধু বিনোদনের নয় এটি শিল্পনীতি থেকে মূলধারার দর্শকের কাছে প্রযুক্তি প্রদর্শনের সরাসরি সেতুবন্ধন। যে কোম্পানিগুলো এই মঞ্চে জায়গা পায়, তারা সরকারি অর্ডার, বিনিয়োগকারীর আগ্রহ ও বাজারে প্রবেশাধিকারে বাস্তব সুবিধা পায়।
চীনের এই প্রদর্শনী স্পষ্ট বার্তা দিচ্ছে ভবিষ্যতের উৎপাদনশিল্পে মানবাকৃতি রোবটই হতে যাচ্ছে তাদের কৌশলগত অস্ত্র।
সূত্র: রয়টার্স
সাবরিনা রিমি










