কোর্ট চলবে সোয়া ১টা পর্যন্ত

নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নেবেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। এ উপলক্ষে দেশের সর্বোচ্চ আদালতের উভয় বিভাগের (আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ) বিচারিক কার্যক্রমের সময়সীমা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংক্ষিপ্ত করা হয়েছে।

সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) আদালত চলবে দুপুর সোয়া ১টা পর্যন্ত।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে: “মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিবর্গের শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণের নিমিত্ত উভয় বিভাগের বিচারিক কার্যক্রম দুপুর সোয়া ১টা পর্যন্ত চলবে।”

বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এবং তার মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে বিচার বিভাগের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা এই ঐতিহাসিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। প্রথা অনুযায়ী, রাষ্ট্রপতি যখন নতুন সরকারকে শপথ পড়ান, তখন প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের বিচারপতিরা সেখানে উপস্থিত থাকেন। এই শিডিউল সমন্বয়ের কারণেই মূলত আদালতের কার্যক্রম আড়াইটার পরিবর্তে সোয়া ১টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, বিচারিক কার্যক্রম শেষ হওয়ার পর বিচারপতিরা দলবদ্ধভাবে সংসদ ভবনের নির্ধারিত ভেন্যুর উদ্দেশ্যে রওনা হবেন। বিশেষ এই দিনটি ঘিরে আদালত প্রাঙ্গণেও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

লামিয়া আক্তার