এনইআইআর সেবা নিতে নির্ধারিত ওয়েবসাইট ব্যবহারের আহ্বান বিটিআরসির

ছবি: সংগৃহীত

মোবাইল ফোনের ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) সেবা গ্রহণের ক্ষেত্রে সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সংস্থাটি জানিয়েছে, এনইআইআর–সংক্রান্ত সব ধরনের সেবা গ্রহণের জন্য শুধুমাত্র তাদের নির্ধারিত ওয়েবসাইট ব্যবহার করতে হবে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে বিটিআরসি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এনইআইআর সংক্রান্ত যেকোনো সেবা গ্রহণের জন্য বিটিআরসির অফিসিয়াল ওয়েবসাইট neir.btrc.gov.bd ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্ম ব্যবহার না করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

এতে আরও উল্লেখ করা হয়, অননুমোদিত ওয়েবসাইট বা সন্দেহজনক লিংকের মাধ্যমে কোনো ধরনের ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে বিভ্রান্তিকর লিংকের মাধ্যমে এনইআইআর সেবা নিতে গিয়ে কাউকে কোনো ধরনের অর্থ প্রদান না করারও আহ্বান জানানো হয়েছে।

বিটিআরসি স্পষ্ট করে জানিয়েছে, এনইআইআর–সংক্রান্ত সব সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। তাই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি অর্থ দাবি করে, সে ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি।