ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে এবং তার মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে দেশি-বিদেশি প্রায় ১২০০ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য সরকারি যানবাহন অধিদপ্তরের অধীনে থাকা পরিবহন পুল ৩৭টি গাড়ি প্রস্তুত রেখেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে এসব গাড়ি প্রস্তুত করা হয়েছে। প্রয়োজন হলে অতিরিক্ত গাড়িও সরবরাহ করা যাবে। মঙ্গলবার দুপুরের পর গাড়িগুলো জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পাঠানো হবে।
নতুন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সোমবার এক ব্রিফিংয়ে বলেন, একজন মন্ত্রীর জন্য গাড়ি, দেহরক্ষী ও বাসস্থানের ব্যবস্থাসহ সব প্রয়োজন সরকারের পক্ষ থেকে প্রস্তুত থাকে।
সকাল ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে ত্রয়োদশ সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ হবে। তারা একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন, তাই আলাদা শপথ নিতে হবে। শপথের পর বিএনপির সংসদীয় দলের বৈঠকে সংসদ নেতা নির্বাচিত হবেন। এরপর সরকারপ্রধানের তালিকা অনুযায়ী মন্ত্রিসভার সদস্যদের শপথের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যোগাযোগ শুরু হবে।
বিকাল ৪টায় দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন। এতদিন শপথ বঙ্গভবনে অনুষ্ঠিত হলেও এবার স্থান পরিবর্তন করা হয়েছে।
২০২৪ সালের অভ্যুত্থানের পর মুহাম্মদ ইউনূস নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারও বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছিল। শুক্রবার রাতে নির্বাচন কমিশন ত্রয়োদশ সংসদ নির্বাচনের ২৯৯ আসনের মধ্যে ২৯৭টির গেজেট প্রকাশ করেছে।
বিএনপি ও মিত্র দলগুলো ২১২টি আসন পেয়ে সরকার গঠন করছে। অন্যদিকে জামায়াতে ইসলামী ৬৮টি আসন পেয়ে বিরোধী দলে বসবে। বাকি আসনগুলোতে জয়ী হয়েছেন অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা।
-এমইউএম










