ভিনগ্রহবাসীর সঙ্গে যোগাযোগের প্রমাণ নেই: মন্তব্য স্পষ্ট করলেন বারাক ওবামা

ভিনগ্রহবাসীর অস্তিত্ব নিয়ে একটি পডকাস্টে দেওয়া মন্তব্য ঘিরে বিতর্কের পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট Barack Obama স্পষ্ট করে জানিয়েছেন তার প্রেসিডেন্সির সময় ভিনগ্রহবাসীর সঙ্গে মানবজাতির কোনো যোগাযোগের প্রমাণ তিনি দেখেননি।

বামপন্থী রাজনৈতিক ভাষ্যকার ব্রায়ান টাইলার কোহেন–এর পডকাস্টে দ্রুত প্রশ্নোত্তর পর্বে ওবামাকে জিজ্ঞাসা করা হয়, তিনি ভিনগ্রহবাসীর অস্তিত্বে বিশ্বাস করেন কি না। জবাবে তিনি বলেন, “ওরা বাস্তব, তবে আমি তাদের দেখিনি।” তিনি আরও রসিকতার সুরে যোগ করেন, “তাদের এরিয়া ৫১-এ লুকিয়ে রাখা হয়নি, যদি না বিশাল কোনো ষড়যন্ত্র থেকে থাকে যা প্রেসিডেন্টের কাছ থেকেও গোপন রাখা হয়েছে।”

এই মন্তব্য বিশ্বজুড়ে গণমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেভাদার অত্যন্ত গোপন সামরিক ঘাঁটি Area 51–এ ভিনগ্রহবাসী লুকিয়ে রাখার দীর্ঘদিনের ষড়যন্ত্রতত্ত্বকে নতুন করে উসকে দেয়।

তবে রোববার ইনস্টাগ্রামে এক পোস্টে ওবামা ব্যাখ্যা দেন, দ্রুতগতির প্রশ্নোত্তরের কারণে তার বক্তব্যের প্রকৃত মূল্যায়ন ধরা পড়েনি। তিনি লেখেন, “পরিসংখ্যানগতভাবে মহাবিশ্ব এত বিশাল যে কোথাও না কোথাও প্রাণ থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু নক্ষত্রমণ্ডলগুলোর মধ্যকার দূরত্ব এত বেশি যে আমাদের কাছে ভিনগ্রহবাসী এসে পৌঁছেছে এ সম্ভাবনা খুবই কম। প্রেসিডেন্ট থাকাকালে এমন কোনো প্রমাণ আমি দেখিনি।” পডকাস্টে ওবামা রসিকতা করে আরও বলেন, প্রেসিডেন্ট হওয়ার পর তার প্রথম প্রশ্ন ছিল, “ভিনগ্রহবাসীরা কোথায়?”

উল্লেখ্য, ২০১৯ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘এরিয়া ৫১ আক্রমণ’ করার আহ্বানে প্রায় ১৫ লাখ মানুষ সাড়া দিয়েছিল, যদিও শেষ পর্যন্ত মাত্র অল্পসংখ্যক মানুষ সেখানে উপস্থিত হয় এবং ঘটনাটি সংগীত উৎসবে রূপ নেয়।

পডকাস্টে ওবামা আরও আলোচনা করেন বর্তমান প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প–এর একটি বিতর্কিত সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট, যেখানে তাকে ও তার স্ত্রীকে অবমাননাকরভাবে উপস্থাপন করা হয়েছিল, পাশাপাশি ২০২৮ সালের নির্বাচন নিয়েও কথা বলেন।

সর্বশেষ ব্যাখ্যায় ওবামা স্পষ্ট করেছেন মহাবিশ্বে প্রাণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া না গেলেও, পৃথিবীর সঙ্গে ভিনগ্রহবাসীর সরাসরি যোগাযোগের কোনো প্রমাণ তার জানা নেই।

সূত্র: আল জাজিরা

সাবরিনা রিমি/