ফোন চুরি হলেই নিজে থেকেই লক হবে অ্যান্ড্রয়েড স্মার্টফোন

স্মার্টফোন হারানো বা চুরি হওয়ার সঙ্গে সঙ্গেই সবচেয়ে বড় ভয় থাকে ব্যক্তিগত তথ্য ও আর্থিক অ্যাক্সেস নিয়ে। এই ঝুঁকি কমাতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এআই-ভিত্তিক নতুন নিরাপত্তা ব্যবস্থা চালু করছে গুগল। নতুন এই ব্যবস্থায় ফোন ছিনতাই বা চুরি হলেই ডিভাইসটি স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যাবে।

গুগলের তথ্যমতে, নতুন ‘থেফট প্রোটেকশন’ সিস্টেমে যুক্ত করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত থেফট ডিটেকশন লক এবং আরও শক্তিশালী বায়োমেট্রিক নিরাপত্তা। এর ফলে চোর ফোন হাতে পেলেও ভেতরের তথ্য ব্যবহার করা প্রায় অসম্ভব হয়ে পড়বে।

এই প্রযুক্তির মূল শক্তি হলো ফোনের চলাচল শনাক্ত করার ক্ষমতা। গুগলের অন-ডিভাইস এআই ফোনের গতির ধরন বিশ্লেষণ করবে। যদি কেউ হঠাৎ ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে, তবে সেটিকে অস্বাভাবিক আচরণ হিসেবে শনাক্ত করে সঙ্গে সঙ্গে স্ক্রিন লক করে দেওয়া হবে। প্রাথমিকভাবে কিছু অঞ্চলে এই ফিচার পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।

ব্যাংকিং অ্যাপ, পাসওয়ার্ড ম্যানেজারসহ গুরুত্বপূর্ণ অ্যাপগুলোর জন্য যুক্ত হয়েছে আইডেন্টিটি চেক সুবিধা। ফোনটি যদি পরিচিত জায়গার বাইরে কোনো সন্দেহজনক স্থানে থাকে এবং সেখানে সংবেদনশীল সেটিংস পরিবর্তনের চেষ্টা হয়, তাহলে বাধ্যতামূলকভাবে ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আনলকের মাধ্যমে পরিচয় নিশ্চিত করতে হবে।

পিন বা প্যাটার্ন ভেঙে ফোন আনলক করাও আগের তুলনায় কঠিন করা হয়েছে। একাধিকবার ভুল পাসকোড দিলে লকআউট সময় বাড়বে। তবে প্রকৃত ব্যবহারকারী ভুল করলে যেন অকারণে সমস্যায় না পড়েন, সেজন্য সাধারণ ভুলকে সরাসরি চুরির চেষ্টা হিসেবে গণ্য করা হবে না।

এছাড়া অ্যান্ড্রয়েড ১০ ও পরবর্তী সংস্করণের রিমোট লক ফিচারেও উন্নতি আনা হয়েছে। ফোন হারিয়ে গেলে মালিক দূর থেকে সিকিউরিটি যাচাইয়ের মাধ্যমে ডিভাইসটি নিয়ন্ত্রণ করতে পারবেন, যা ফোন পুনরুদ্ধারকে আরও সহজ করবে।

গুগল জানিয়েছে, ধাপে ধাপে এই ফিচারগুলো অ্যান্ড্রয়েড ১৬ ও তার পরবর্তী সংস্করণের ডিভাইসগুলোতে চালু করা হবে। ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এটিকে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের অন্যতম বড় আপডেট হিসেবে দেখা হচ্ছে।

 সূত্র: টেকজুম ডটটিভি

সাবরিনা রিমি/