একই স্মার্টফোনে একসঙ্গে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা চালু করতে যাচ্ছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ‘ডুয়েল অ্যাকাউন্ট’ নামের এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাপের ভেতরেই সহজে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে পরিবর্তন করতে পারবেন। এতে ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগ আলাদা রেখে একই ডিভাইসে ব্যবহারের সুবিধা মিলবে।
বর্তমানে একই ফোনে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে না পারায় অনেককে আলাদা স্মার্টফোন বা ট্যাবলেটের ওপর নির্ভর করতে হয়। এতে কাজের ব্যস্ততায় গুরুত্বপূর্ণ বার্তা বা তথ্য সময়মতো নজরে না আসার ঝুঁকি থাকে। নতুন ডুয়েল অ্যাকাউন্ট সুবিধা চালু হলে এই সমস্যা অনেকটাই দূর হবে বলে মনে করা হচ্ছে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, একই ফোনে দুটি অ্যাকাউন্ট ব্যবহার করতে হলে আলাদা দুটি ফোন নম্বর প্রয়োজন হবে। সে ক্ষেত্রে স্মার্টফোনে মাল্টি সিম বা ই-সিম সাপোর্ট থাকতে হবে। দ্বিতীয় অ্যাকাউন্ট চালু করতে ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপের সেটিংস মেনুতে গিয়ে ‘অ্যাড অ্যাকাউন্ট’ অপশনে ক্লিক করে নতুন নম্বর যুক্ত করতে হবে। এরপর এসএমএস বা কলের মাধ্যমে পাঠানো যাচাইকরণ কোড ব্যবহার করে অ্যাকাউন্টটি সক্রিয় করা যাবে।
সেটআপ সম্পন্ন হলে অ্যাপের প্রোফাইল নামের পাশে থাকা তির চিহ্নে ট্যাপ করে প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট অ্যাকাউন্ট বেছে নেওয়া যাবে। প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদাভাবে গোপনীয়তা ও নোটিফিকেশন সেটিংস নির্ধারণের সুযোগ থাকবে। পাশাপাশি কথোপকথন মিউট বা আর্কাইভ করা, বার্তা মুছে ফেলা কিংবা নম্বর ব্লক করার মতো সুবিধাগুলোও প্রতিটি অ্যাকাউন্টে আলাদাভাবে ব্যবহার করা যাবে।
প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ধাপে ধাপে এই ফিচার চালু করা হবে। আইফোন ব্যবহারকারীদের জন্য কবে এ সুবিধা আসবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সূচি জানায়নি হোয়াটসঅ্যাপ।
সূত্র: গ্যাজেটসনাউ
সাবরিনা রিমি/










