গেমের ভার্চুয়াল প্রেমিকেই মন জিতছে চীনা নারীদের

রয়টার্স: চীনে মোবাইল গেমের ভার্চুয়াল প্রেমিক এখন অনেক নারীর আবেগের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। “Love and Deepspace” নামের একটি মোবাইল ডেটিং গেম বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, যার ব্যবহারকারী সংখ্যা প্রায় ৮ কোটি বলে গবেষণা প্রতিষ্ঠান সেন্সর টাওয়ার জানিয়েছে।

২০২৪ সালে প্রকাশিত এই গেমটি ‘ওতোমে’ (otome) ঘরানার যেখানে নারী খেলোয়াড়রা একাধিক পুরুষ চরিত্রের মধ্যে থেকে ভার্চুয়াল প্রেমিক বেছে নিতে পারেন। গেমটিতে রোমান্সের পাশাপাশি রয়েছে অ্যাকশন ও ফ্যান্টাসি উপাদান।

আবেগের চাহিদা পূরণে ভার্চুয়াল সম্পর্ক

৩৩ বছর বয়সী এক চীনা সরকারি কর্মকর্তা জানান, বাস্তব জীবনে প্রেম নিয়ে আর তাড়াহুড়ো নেই তার। গেমের চরিত্র ‘চি ইউ’ (ইংরেজি সংস্করণে রাফায়েল) নামের এক ভার্চুয়াল প্রেমিকের সঙ্গে ছয় মাস ধরে সম্পর্ক রয়েছে তার। খেলোয়াড়ের নিজের মুখ ও কণ্ঠ ব্যবহার করে গেমে একটি ভার্চুয়াল চরিত্র তৈরি করা যায়, যা অভিজ্ঞতাকে আরও ব্যক্তিগত করে তোলে।

তিনি প্রতিদিন প্রায় এক ঘণ্টা গেমটি খেলেন এবং বিশেষ ফিচার ও গল্প আনলক করতে ইতোমধ্যে ১০,০০০ ইউয়ানের (প্রায় ১,৪০০ মার্কিন ডলার) বেশি খরচ করেছেন।

বিপুল আয়

চীনা ডেভেলপার প্রতিষ্ঠান পেপারগেমস (Papergames)-এর তৈরি এই গেমটি গত বছরের এপ্রিল পর্যন্ত বিশ্বব্যাপী প্রায় ৮২৫ মিলিয়ন ডলার আয় করেছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। বিভিন্ন হিসাব অনুযায়ী মোট আয় এখন প্রায় ১ বিলিয়ন ডলারের কাছাকাছি। এর মধ্যে প্রায় ৬০% আয় এসেছে চীন থেকে, ১৯% যুক্তরাষ্ট্র এবং ৯% জাপান থেকে।

কেন বাড়ছে জনপ্রিয়তা?

বিশেষজ্ঞদের মতে, চীনে নারীদের অর্থনৈতিক সক্ষমতা ও আত্মবিশ্বাস বেড়েছে। অনেক নারী এখন নিজেদের আবেগগত চাহিদাকে অগ্রাধিকার দিচ্ছেন। গেমটি নারীদের চাহিদাকে গুরুত্ব দিয়ে তৈরি হওয়ায় এটি বাস্তব জীবনের সম্পর্কের কিছু ঘাটতি পূরণ করছে বলে মনে করছেন অনেকে।

তবে অনেক খেলোয়াড়ই বলছেন, তারা বাস্তব জীবনের সম্পর্ক পুরোপুরি বাদ দিচ্ছেন না; বরং ভার্চুয়াল সম্পর্ক তাদের জীবনে চাপমুক্ত এক বিকল্প অভিজ্ঞতা এনে দিচ্ছে।

সাবরিনা রিমি/