জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এসময় আন্দোলনরত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। মিছিলে পুলিশি বাধা, লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপে সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ও রাকসুর জি এস সালাউদ্দিন আম্মারসহ বেশ কয়েকজন আহত হন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেসময় যমুনার সামনে অবস্থান করছিলেন ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পাসহ কয়েকজন আর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মারসহ কয়েক শ বিক্ষোভকারী অবস্থান নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে পদযাত্রা শুরু করেন। মিছিলটি ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পৌঁছালে পুলিশ কাঁটাতারের ব্যারিকেড দিয়ে পথরোধ করে। একপর্যায়ে আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ চড়াও হয়। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ শুরু করলে রণক্ষেত্রে পরিণত হয় এলাকাটি। আন্দোলনকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এ সময় সাউন্ড গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে বেশ কয়েকজনকে আহত হতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা, পরে তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
সরেজমিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে অন্তত ১০-১৫ জনকে প্রাথমিক চিকিৎসা নিতে দেখা গেছে। ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম জুমা ও জকসু নেত্রী শান্তা আক্তারকেও আহত অবস্থায় হাসপাতালে দেখা যায়। হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, ‘তিন জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, আরও অনেকেই এসেছেন। তবে কেউ গুলিবিদ্ধ নয়।’
সংঘর্ষের পর আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলেও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের নেতাকর্মীদের পুনরায় শাহবাগে অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন। মুখপাত্র হত্যার বিচারের পাশাপাশি আজকের হামলার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।
এরআগে, বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনা অভিমুখে যাওয়ার সময় পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যেতে গেলে পুলিশ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের বাধা দেয়। এসময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে।
পরে বিকেল সাড়ে চারটার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আসেন ঢাকা-৮ আসনে ১১ দলীয় নির্বাচন ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তখন তিনিসহ উপস্থিত লোকজন প্রতিবাদ মিছিল শুরু করেন। মিছিলটি ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে শাহবাগ মোড়ের দিকে চলে যায়।
-ইমরান










