ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্র গঠনে গুরুত্বারোপ ডা. জোবাইদা রহমানের

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান একটি সাম্য ও ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্র গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন, যেখানে সাধারণ জনগণের অধিকার নেতাদের চেয়ে বেশি প্রাধান্য পাবে এবং কোনো ধরনের শোষণের স্থান থাকবে না।

বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে বিএনপির নির্বাচন পরিচালনা পেশাজীবী কমিটি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

‘ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ’
একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে ডা. জোবাইদা রহমান বলেন, “আমাদের রাজনীতি হলো সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। আজ আমাদের সামনে গৌরবের নতুন সূর্যোদয়। আমরা বিশ্বাস করি—আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা; সবার আগে বাংলাদেশ। ভেদাভেদের আগে সমতা।”

সাধারণ মানুষের সমস্যার কথা শুনলেন
মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কথা উল্লেখ করে তিনি বলেন, “কড়াইল, সাততলা এলাকা থেকে আসা তিনজন নারী, দুইজন পোশাক শ্রমিক এবং একজন পরিবহন শ্রমিকের কাছ থেকে তাদের হৃদয়বিদারক সমস্যার কথা শুনেছি। এসব সমস্যাই সাধারণ মানুষের বাস্তব জীবনের প্রতিচ্ছবি।”

তিনি আরও বলেন, “আমাদের সবার সমস্যা অনেক। কিন্তু সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব।”

পেশাজীবীদের উদ্দেশে তিনি বলেন, “আমরা আপনাদের সমস্যাগুলো আরও শুনব, আরও জানব এবং কীভাবে একটি সুন্দর, সমতাভিত্তিক, জ্ঞানভিত্তিক ও শ্রমের মর্যাদাভিত্তিক রাষ্ট্র উপহার দেওয়া যায়, তার জন্য কাজ করব।”

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে সভায় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামসহ বিভিন্ন পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন।

Asraful