গণভোটের গেজেট সংশোধন, কমল ‘হ্যাঁ-না’ দুই ভোটই, বেড়েছে বাতিল

সংবিধান সংস্কার বা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন ঘিরে অনুষ্ঠিত গণভোটের ফলাফলে বড় ধরনের সংশোধনী এনে নতুন গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) কমিশনের আদেশক্রমে প্রকাশিত অতিরিক্ত গেজেটে দেখা যায়, আগের ঘোষণার তুলনায় ‘হ্যাঁ’ ও ‘না’—উভয় ভোটের সংখ্যাই কমেছে; একই সঙ্গে বেড়েছে বাতিল ভোট।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ এবং সংবিধান সংস্কারের প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি যাচাইয়ে গত ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হয়। ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত প্রথম গেজেটের হিসাব এখন সংশোধন করা হয়েছে।

আগের হিসাব

প্রথম গেজেট অনুযায়ী ‘হ্যাঁ’ ভোট ছিল ৪ কোটি ৮২ লাখ ৬৬০ এবং ‘না’ ভোট ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬। দুই মিলিয়ে মোট প্রদত্ত ভোট ছিল ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩। এর মধ্যে বাতিল হয় ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭ ভোট। বাতিল বাদে বৈধ ভোট দাঁড়ায় ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ৩৮৬।

সংশোধিত হিসাব

নতুন গেজেট বলছে, ‘হ্যাঁ’ ভোট ৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০ এবং ‘না’ ভোট ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১। মোট প্রদত্ত ভোট ৭ কোটি ৬৬ লাখ ২১ হাজার ৪০৭। এর মধ্যে বাতিল হয়েছে ৭৪ লাখ ৩৫ হাজার ১৯৬ ভোট। ফলে বৈধ ভোটের সংখ্যা নেমে এসেছে ৬ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ২১১-এ।

কতটা কমল, কতটা বাড়ল

দুই গেজেটের তুলনায় দেখা যায়, ‘হ্যাঁ’ ভোট কমেছে ৯ লাখ ৭৪ হাজার ৬৮০। ‘না’ ভোট কমেছে ১ লাখ ১১ হাজার ৪৯৫। মোট প্রদত্ত ভোট কমেছে ১০ লাখ ৭৩ হাজার ৬১৬। বিপরীতে বাতিল ভোট বেড়েছে ১২ হাজার ৫৫৯।
তবে এই সংশোধনের নির্দিষ্ট কারণ গেজেটে উল্লেখ করা হয়নি। কমিশন শুধু জানিয়েছে, আদেশক্রমে সংশোধনী প্রকাশ করা হয়েছে।

এই গণভোটের মাধ্যমেই ‘জুলাই জাতীয় সনদ’-এর সাংবিধানিক বৈধতা ও জনসম্মতি চূড়ান্ত করার কথা রয়েছে। ফলাফলে এমন পরিবর্তন আসায় রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। কমিশনের পক্ষ থেকে বিস্তারিত ব্যাখ্যা এলে বিষয়টি আরও স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।##

_এজাজ আহম্মেদ/মামুন