বিএনপি প্রার্থীর উঠান বৈঠকে আ.লীগ নেতাদের ‘জয় বাংলা’ স্লোগান, মাদারীপুরে তোলপাড়

মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির প্রার্থীর উঠান বৈঠকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাদের উপস্থিত হয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে শিবচর পৌরসভায় এ ঘটনা ঘটে।

ঘটনার প্রেক্ষাপট ও বিতর্ক
জানা যায়, বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাদিরা আক্তারের সমর্থনে শিবচর পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আওলাদ খানের বাড়িতে একটি উঠান বৈঠকের আয়োজন করা হয়। সেই বৈঠকে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন খান তার বক্তব্য শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেন। এই ঘটনার একটি ভিডিও বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।

এর আগে, একই আসনে বিএনপির মনোনয়ন পাওয়া কামাল জামান (নূরুদ্দিন) মোল্লা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সমালোচিত হওয়ায় তার মনোনয়ন স্থগিত করে বিএনপি। পরে নাদিরা আক্তারকে মনোনয়ন দেওয়া হয়। তিনিও এখন একই বিতর্কে পড়েছেন।

হত্যা মামলার বাদী-আসামি একই মঞ্চে
উঠান বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত হওয়া হৃদয় হত্যা মামলার বাদী (বিএনপি নেতা) এবং মামলার কয়েকজন আসামির একই মঞ্চে উপস্থিতি বিতর্ককে আরও উস্কে দিয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা অভিযোগ করেছেন, পুলিশ যেখানে মামলার আসামিদের খুঁজে পায় না, সেখানে তারা প্রকাশ্যে উঠান বৈঠকে অংশ নিচ্ছেন।

তৃণমূলে ক্ষোভ, স্বতন্ত্র প্রার্থীদের উদ্বেগ
আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বিএনপি প্রার্থীর এমন সখ্যতায় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অস্বস্তি দেখা দিয়েছে। স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী বলেন, “যারা ভোটের জন্য হত্যাকারীদের নিয়ে একই মঞ্চে উঠতে পারে, তারা সবকিছুই করতে পারে।”

গণঅধিকার পরিষদের প্রার্থী রাজিব মোল্লা বলেন, “বিএনপির প্রার্থী আওয়ামী লীগের নেতাদের নিয়ে যে কার্যক্রম শুরু করেছেন, তাতে বড় ধরনের খারাপ কিছু ঘটতে পারে।”

প্রার্থী ও নেতাদের বক্তব্য
এ বিষয়ে বিএনপির প্রার্থী নাদিরা আক্তার বলেন, “স্থানীয়রা উঠান বৈঠকের আয়োজন করেছিল। আমি উপস্থিত হয়ে দেখি সেখানে অনেক লোক। কে কী বলবে, তা বুঝে ওঠার আগেই বিতর্কিত ঘটনাটি ঘটে যায়। এতে আমার কোনো দায় নেই, এটি ষড়যন্ত্রও হতে পারে।”

শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন বলেন, “এমন ঘটনা অপ্রত্যাশিত। ভবিষ্যতে এ ধরনের ঘটনার জন্য দলের সবাইকে সতর্ক থাকতে হবে।”

Asraful