শীতলক্ষ্যা নদীর নিচ দিয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপলাইন প্রতিস্থাপনের জন্য আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত থেকে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় টানা ২১ ঘণ্টা গ্যাস সরবরাহ বিঘ্নিত হবে এবং তীব্র স্বল্পচাপ বিরাজ করবে।
বুধবার (২১ জানুয়ারি) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কখন এবং কোথায় গ্যাস থাকবে না
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার রাত ১০টা থেকে পরদিন শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্যাস সরবরাহে তীব্র স্বল্পচাপ থাকবে।
এই সময়ে শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাড়ের নারায়ণগঞ্জ শহর, পঞ্চবটি, মুক্তারপুর, মুন্সিগঞ্জ সদর, ঢাকার জিনজিরা ও শ্যামপুর (বিসিক) এলাকার সকল শ্রেণির গ্রাহক গ্যাস স্বল্পচাপের কারণে ভোগান্তিতে পড়তে পারেন। এছাড়া, আশপাশের আরও কিছু এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকতে পারে।
কেন এই ভোগান্তি
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, আদমজী ইপিজেডের ভেতরে শীতলক্ষ্যা নদী অতিক্রমকারী ২০ ইঞ্চি ব্যাসের একটি সঞ্চালন গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় জরুরি ভিত্তিতে এটি প্রতিস্থাপনের কাজ করা হচ্ছে। একারণেই গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখতে হচ্ছে।
গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।










