তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে দলের প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন রেজাউল করিম বাদশা। তিনি বর্তমানে বগুড়া জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ (সদর) আসন থেকে উপনির্বাচনে দলের প্রার্থী করা হয়েছে বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশাকে। 
বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য (এমপি) মোশারফ হোসেন এ তথ্য জানান। রেজাউল করিম বাদশা বগুড়া জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।মোশারফ হোসেন বলেন, ‘বগুড়া-৬ (সদর) আসনের এমপি প্রার্থী হিসেবে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাকে গুলশান দলীয় চেয়ারম্যানের কার্যালয় থেকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হয়েছে।’

বিএনপির মিডিয়া সেল রাজশাহী-রংপুর বিভাগের সমন্বয়কারী ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ বলেন, ‘আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপি থেকে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাকে মনোনয়ন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন। এতে বগুড়াবাসী আনন্দিত। আমরা তাকে অভিনন্দন জানাই।’

উল্লেখ্য, রেজাউল করিম বাদশা বগুড়া পৌরসভার সাবেক মেয়র ছিলেন।

-মামুন