পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা চ্যাটজিপিটি ব্যবহার করে অসদুপায় অবলম্বনের দায়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ৯ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে বোর্ড অব ডিসিপ্লিন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে ৮ জনকে দুই শিক্ষাবর্ষ বা চার সেমিস্টারের জন্য এবং একজনকে এক সেমিস্টারের জন্য একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে অভিযুক্ত শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচয় প্রকাশ করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, অভিযুক্ত শিক্ষার্থীরা পরীক্ষা চলাকালে মোবাইল ডিভাইসের মাধ্যমে চ্যাটজিপিটি ব্যবহার করছিলেন। প্রমাণ হিসেবে তাঁদের ব্যবহৃত ডিভাইসগুলো জব্দ করা হয়েছে। একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষায় জালিয়াতির কাজে ব্যবহৃত এসব ডিভাইস আর ফেরত দেওয়া হবে না।
তবে বহিষ্কৃত শিক্ষার্থীদের জন্য আপিলের সুযোগ উন্মুক্ত রাখা হয়েছে। অভিযুক্তরা প্রাথমিকভাবে একাডেমিক কাউন্সিলের কাছে শাস্তির বিষয়ে পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন। সেখানে কোনো সুরাহা না হলে পরবর্তীতে তাঁরা আইনি প্রক্রিয়ায় উচ্চ আদালতে আপিল করতে পারবেন বলে বোর্ড অব ডিসিপ্লিন সভায় জানানো হয়েছে।
/মালিহা










