ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা (০৫ ফেব্রুয়ারি ) বৃহস্পতিবার বিভাগের কামালউদ্দিন আহমেদ লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জাকির হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. রফিকুর রহমান, অধ্যাপক ড. ইশতিয়াক মাহমুদ, অধ্যাপক ড. মামুন রশীদ চৌধুরী, অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম, অধ্যাপক ড. হাসিনা খান, অধ্যাপক ড. জেবা ইসলাম সেরাজ এবং অধ্যাপক ড. ইয়ারুল কবীর বক্তব্য প্রদান করেন। ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ রিয়াজুল ইসলাম সমাপনী বক্তব্য দেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, এ বিভাগে রয়েছে আন্তর্জাতিক মানের শিক্ষক ও গবেষক। শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে এই বিভাগ দায়িত্বশীল ভূমিকা পালন করবে। নিয়মানুবর্তিতা ও সময়ানুবর্তিতা অনুসরণ এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আন্তর্জাতিক মানের গ্র্যাজুয়েট হিসেবে গড়ে উঠার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। পড়াশোনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে সহ-শিক্ষামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের উপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিভিন্ন বর্ষের পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী ৯ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। শিক্ষার্থীরা হলেন- মোনতাহা আফরিন, রুবাইয়া রেজা রামিজা, অন্বেষা দাশ শর্মী, সাবিহা মুনতাহা, কানিজ ফাতেমা তানিশা, ফাতিমা জোহরা, ফাতেমা সিদ্দিক রোজা, সামিতা তাবাসসুম রোজা, সামিয়া আক্তার রাইসা ও নোশিন তাসনিম মৌমিতা।
– বেলাল হোসেন










