অভিনয় নিয়ে এক ধরনের নিরীক্ষা চালিয়ে যাচ্ছি : কেয়া পায়েল

কেয়া পায়েল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। অভিনয়ে নিজেকে ভেঙে ভিন্ন ধরনের চরিত্রে তুলে ধরার চেষ্টায় ব্যস্ত সময় পার করছেন। সাধারণ গল্পের বাইরে গিয়ে গল্পের বাইরে ভিন্ন চরিত্রের কাজ কে গুরুত্ব দিচ্ছেন। সম্প্রতি তার ভিন্ন একটি চরিত্রে শুটিংয়ে কাজ করার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। নেটিজনরা খুব প্রশংসা করছেন ছবিটি নিয়ে। ক্যারিয়ারের বিভিন্ন প্রসঙ্গে আলোকিত স্বদেশের সঙ্গে কথা বলেছেন তিনি।

সাত বছর হলো অভিনয় জগতে। আপনার অনুভূতি জানতে চাই?

সাত বছর খুব বেশি সময় নয়। তারপরও কিভাবে যে চলে গেল বুঝতে পারিনি। নিজের সেরাটা দিয়ে সবসময় অভিনয় করেছি দর্শককে ভালো কিছু উপহার দিতে। সবসময় চ্যালেঞ্জ নিয়েই কাজ করেছি। কখনো দমে যাইনি। প্রতিটি চরিত্রে নিজেকে ভেঙে নতুন করে গড়ার চেষ্টা ছিল। অভিনয়ে নিজেকে ভাঙতে পারলেই প্রকৃত শিল্পী হয়ে ওঠা যায়। কাজ করতে করতে প্রতিনিয়ত শিখেছি, মৃত্যুর আগ পর্যন্ত কাজের মধ্য দিয়ে শিখতে চাই। অভিনয় ক্যারিয়ারের এ পর্যায়ে এসে আমার উপলব্ধি যে, দর্শকের মনে স্থায়ী আসন করে নিতে হলে ভালো কাজের বিকল্প নেই। অভিনয় নিয়ে এক ধরনের নিরীক্ষাও চালিয়ে যাচ্ছি।’

এই সময়ে প্রাপ্তি কি বলে মনে করেন আপনি?
দর্শকের ভালোবাসা পেয়েছি, পাচ্ছি। এর চেয়ে বড় কোনো প্রাপ্তি একজন অভিনয় শিল্পীর জীবনে কিছু নেই । সিনিয়রদের কাছ থেকে প্রতিনিয়ত শিখছি, তারাও আমাকে ভালোবেসে আগলে রেখেছেন। শুধু জনপ্রিয়তার মোহে অভিনয় করে যাচ্ছি- বিষয়টি এমন নয়। অভিনয়ের মধ্য দিয়ে নিজেকে পরিণত শিল্পী হিসেবে তুলে ধরার চেষ্টা ছিল সব সময়। এ কারণে জনপ্রিয়তার স্রোতে গা না ভাসিয়ে সেই কাজগুলো বেছে নিচ্ছি, যেগুলো দর্শকের মনে ছাপ ফেলে যাবে।

বর্তমান ব্যস্ততা কী নিয়ে?
ধারাবাহিক নাটক ‘এটা আমাদের গল্প’র শুটিং করছি নিয়মিত। এ ছাড়া একাধিক বিজ্ঞাপনের কাজ শেষ করেছি, পাশাপাশি একক নাটকও রয়েছে কয়েকটি। সামনে ভালোবাসা দিবস ও দুই ঈদকে কেন্দ্র করে কাজের ব্যস্ততা বাড়বে। ‘টিপু সুলতান’ নামের নতুন একক নাটক প্রচার হয়েছে ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে। কাহিনি লেখার পাশাপাশি নাটকটি পরিচালনা করেছেন এ কে পরাগ। এতে আরও একবার কেয়া পায়েলের বিপরীতে দেখা মিলেছে অভিনেতা মুশফিক আর ফারহানকে। মুশফিক আর ফারহানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করা আরেকটি নাটক প্রকাশ হয়েছে। নাটকের নাম ‘ইউ অ্যান্ড মি ফরএভার’। অবয়ব সিদ্দিকীর কাহিনি নিয়ে নাটকটি পরিচালনা করেছেন রাইয়ান মাহমুদ। ইতিমধ্যে নাটকটি দর্শকদের মাঝে সাড়া পড়েছে। তিনি জানান, মুশফিক আর ফারহানের সঙ্গে যতগুলো নাটকে অভিনয় করেছেন, তার বেশির ভাগই দর্শকের মাঝে সাড়া ফেলেছে, যে কারণে তাদের জুটি করে নির্মাতারা বেশ কিছু নতুন নাটকের কাজে হাত দিয়েছেন।

‘এটা আমাদের গল্প’ ধারাবাহিক নাটকটি দর্শকদের বেশ সাড়া ফেলছে। এখানে আপনার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ, এটি নিয়ে কিছু বলুন?

এটিও দর্শক দেখছেন ও পছন্দ করছেন। কারণ, আমাদের দেশে পারিবারিক গল্পের নাটকের কদর আগে ছিল, এখনো রয়েছে। প্রতিটি পরিবারেই সদস্যদের মধ্যে খুনশুটি, টানাপোড়েন, ভালোবাসার বন্ধন দেখা যায়। ফলে এ ধারার গল্প হলে দর্শক নিজেদের সহজেই কানেক্ট করতে পারেন। এ নাটকটিও তাই।

কেয়া পায়েলের বিয়ে কবে? বিয়ে নিয়ে ভাবনা কী?

‘বিয়ে যদি করি, সবাইকে জানিয়েই করব। বিয়ে জানিয়ে করাটাই সুন্দর। জীবনের এত সুন্দর পথচলায় আমি চাই সবার আশীর্বাদ থাকুক।’ বিয়ে ও জীবনদর্শন নিয়ে আরও গভীর ভাবনার কথাও জানান তিনি। সব মেয়েরই উচিত স্বাধীনভাবে চলা। যে পরিবারে আমার বিয়ে হবে, আমি চাই তারা আমাকে আপন করে নিক। আমিও তাদের আপন করে নেব। এক জীবন কাটিয়েছি মা-বাবার সঙ্গে, আরেক জীবন কাটাব আরেক মা-বাবার সঙ্গে। তখন নতুন করে আরেক কেয়া পায়েলের  জন্ম  হবে।

-মাহমুদ সালেহীন খান