এসএসসি ২০২৬: পরীক্ষার হলে ব্যবহার করা যাবে ৮ মডেলের ক্যালকুলেটর

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থীদের জন্য ৮টি নির্দিষ্ট মডেলের সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দিয়ে নির্দেশনা জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

গতকাল রোববার বোর্ড থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে কেন্দ্র সচিব ও সংশ্লিষ্টদের এ তথ্য জানানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, নন-প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটরের পাশাপাশি সাধারণ ক্যালকুলেটরও ব্যবহার করা যাবে।

অনুমোদিত ক্যালকুলেটরের মডেলসমূহ: বোর্ড নির্ধারিত ৮টি মডেল হলো—এফএক্স-৮২এমএস (fx-82MS), এফএক্স-১০০এমএস (fx-100MS), এফএক্স-৫৭০এমএস (fx-570MS), এফএক্স-৯৯১এমএস (fx-991MS), এফএক্স-৯৯১ইএক্স (fx-991EX), এফএক্স-৯৯১ইএস (fx-991ES), এফএক্স-৯৯১ইএস প্লাস (fx-991ES PLUS) এবং এফএক্স-৯৯১সিডব্লিউ (fx-991CW)।

পরীক্ষার সময়সূচি ও ফরম পূরণ: ইতোমধ্যে প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ২১ এপ্রিল সকাল ১০টা থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়ে চলবে ২০ মে পর্যন্ত। এরপর ৭ থেকে ১৪ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করতে হবে। ব্যবহারিক নম্বর ও আনুষঙ্গিক কাগজপত্র ১৮ জুনের মধ্যে বোর্ডে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময়সীমা বর্ধিত করা হয়েছে। বর্ধিত সময় অনুযায়ী আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত ফরম পূরণ এবং ২৫ জানুয়ারি পর্যন্ত ‘সোনালী সেবা’র মাধ্যমে ফি জমা দেওয়া যাবে।

-মালিহা