কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ৭ জানুয়ারির মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ফল প্রকাশের নির্দিষ্ট দিন ও সময় এখনো চূড়ান্ত হয়নি বলে তিনি জানান।
গুচ্ছ ভর্তি কমিটির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, কৃষি বিষয়ক ডিগ্রি প্রদানকারী ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা দেশের ২০টি কেন্দ্রে একযোগে সফলভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষা শেষে আগামী ৭ জানুয়ারির মধ্যে ফলাফল প্রকাশের প্রস্তুতি চলছে।
গত শনিবার (৩ জানুয়ারি) বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৯টি বিশ্ববিদ্যালয়ের আসনের জন্য সারা দেশের ২০টি উপকেন্দ্রে পরীক্ষার্থীরা অংশ নেন।
এবার কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় ৯টি বিশ্ববিদ্যালয়ের মোট ৩ হাজার ৭০১টি আসনের বিপরীতে আবেদন করেন ৮৮ হাজার ২২৮ জন শিক্ষার্থী। ফলে প্রতি আসনের বিপরীতে গড়ে প্রায় ২৪ জন পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
ভর্তি পরীক্ষার সার্বিক প্রযুক্তিগত ও প্রশাসনিক সমন্বয়ের দায়িত্বে রয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ভিত্তিক আসনসংখ্যা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৬টি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫১০টি, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৫২টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে ২৭৫টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০টি এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮২টি আসন রয়েছে।
মালিহা










