ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কার্যক্রম প্রভাবমুক্ত রাখতে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ছাত্র সংসদসহ দেশের সব সংগঠনের নির্বাচন স্থগিত রাখার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ঘোষণার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভে ফেটে পড়েন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (১২ জানুয়ারি) রাত ১১টার দিকে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রাত সাড়ে ১১টার দিকে আইআইসিটি ভবনের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। পরে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কোনো কার্যকর প্রতিনিধিত্ব নেই। জাতীয় নির্বাচনের অজুহাতে আবারও ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হরণ করার শামিল।
এ সময় শিবির সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মুজাহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা তাদের মৌলিক অধিকার। জাতীয় নির্বাচনের দোহাই দিয়ে দীর্ঘদিন ঝুলে থাকা ছাত্র সংসদ নির্বাচন পুনরায় স্থগিত করার সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি দাবি করেন, প্রশাসনকে অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে।
বিক্ষোভকারীরা নির্বাচন কমিশনের ঘোষিত স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আর কোনো টালবাহানা সহ্য করা হবে না। দাবি আদায় না হলে শাবিপ্রবি থেকে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণাও দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
মালিহা










