চুয়েটের ২০২৫: আন্দোলন, বহিষ্কার ও প্রশাসনিক বিতর্কের বছর

ছবি- সংগৃহীত

সময়ের সঙ্গে ক্যালেন্ডারের পাতা থেকে বিদায় নিয়েছে ২০২৫ সাল। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এই বছর নানা অর্জন, আন্দোলন ও বিতর্কে আলোচনায় ছিল।

প্রকৌশলীদের অধিকার আন্দোলন
বিএসসি ডিগ্রিধারী প্রকৌশলীদের সরকারি চাকরিতে বৈষম্য দূর করার দাবিতে চুয়েটসহ দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ও ধারাবাহিক আন্দোলন চালানো হয়। আন্দোলন চলাকালে শিক্ষার্থীরা বিক্ষোভ, লং মার্চ, মশাল মিছিল ও লাল কার্ড প্রদর্শনের মতো কর্মসূচিতে অংশ নেন। এক পর্যায়ে পুলিশি হামলায় চুয়েটের শিক্ষার্থী শাকিল ইকবাল গুরুতর আহত হন। হাইকোর্ট দশম গ্রেডের টেকনিক্যাল পদে বিএসসি প্রকৌশলীদের আবেদন করার সুযোগ দিয়েছেন। তবে কোটা বাতিল ও পদোন্নতি কাঠামোর সংস্কার এখনও বাস্তবায়িত হয়নি।

হলের নাম পরিবর্তন ও প্রশাসনিক বিতর্ক
শেখ হাসিনার বিদেশে অবস্থানের প্রতিবাদে ছাত্ররা মুজিব-শেখ রাসেল ম্যুরাল ভেঙে শহীদ আবু সাঈদ হল ও কবি নজরুল হলের নামকরণ করেন। এছাড়া ছাত্রলীগের নিষিদ্ধ সদস্যদের শাস্তির দাবিতে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৯ ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করেছে।

মাদক ও শৃঙ্খলা
হলের শিক্ষার্থীদের মধ্যে মাদকসেবনের অভিযোগে কয়েকজনকে একাডেমিক ও আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়েছে।

হলের সমস্যা ও ক্যাম্পাস সেবা
কবি নজরুল হলে ভূ-গর্ভস্থ পানিতে অতিরিক্ত আয়রন থাকায় শিক্ষার্থীরা চর্মরোগসহ অন্যান্য সমস্যায় ভুগছেন। ক্যাম্পাসের একমাত্র সক্রিয় ক্যাফেটেরিয়ার মান ও পরিষেবা নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষ রয়েছে।

অর্থসংক্রান্ত অভিযোগ
কোর্স রেজিস্ট্রেশন ফি সহ বিভিন্ন খাতে রশিদ ছাড়া অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। বছরে পাঁচটি ব্যাচের দুটি টার্মে প্রায় ৯ লক্ষ ১৭ হাজার টাকা ফি নেওয়া হচ্ছে।

নতুন উদ্যো
চুয়েটে চালু হয়েছে অনলাইন ছাড়পত্র ব্যবস্থা। শিক্ষার্থীরা নিজ পোর্টাল থেকে ছাড়পত্র সংগ্রহ করতে পারবে। এছাড়া মানোন্নয়ন পরীক্ষা পদ্ধতি একাডেমিক নীতিমালায় অন্তর্ভুক্ত হয়েছে।

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদল
ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকার পরেও ছাত্রদল কমিটি ঘোষণা করলে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। প্রশাসন কমিটির সকল সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।

মালিহা নামলাহ