থার্টি ফার্স্ট নাইটে নিস্তব্ধ ঢাবি ক্যাম্পাস, বসানো হয়েছে চেকপোস্ট

থার্টি ফার্স্ট নাইটে নিরাপত্তার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে কঠোর কড়াকড়ি আরোপ করা হয়েছে। থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে ঢাবি এলাকা সংলগ্ন প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে এবং টিএসসি ও সংলগ্ন এলাকাগুলোতে সাধারণ মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ক্যাম্পাসের পাঁচটি প্রবেশমুখে পুলিশ মোতায়েন রয়েছে। একই সঙ্গে প্রক্টরিয়াল টিম ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিরাপত্তা টিম দায়িত্ব পালন করছে। তারা ক্যাম্পাসে বাইরের কোনো ব্যক্তি বা যানবাহন প্রবেশ করতে দিচ্ছেন না।

বুধবার রাত ১০টায় মেয়েদের হলগুলো বন্ধ করে দেওয়া হয়। রাতের বেলায় বাইরে তেমন কাউকে দেখা যায়নি।

পুরোনো বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নিতে প্রতি বছর থার্টি ফার্স্ট নাইটে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হলেও এবার সেই উপস্থিতি ছিল খুবই কম।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ধরনের ব্যবস্থা নিয়েছে।

খালেদা জিয়া ও ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির মৃত্যুর কথা তুলে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এক বিজ্ঞপ্তিতে বলেছে, এই শোকাবহ সময়ে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং জাতীয় অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন আমাদের সকলের নৈতিক দায়িত্ব।

মামুন/