ইরাসমাস মুন্ডাস ইন্টার্নশিপ ২০২৫: আবেদন চলছে অনলাইনে

ইউরোপের বিভিন্ন দেশে কাজের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুবর্ণ সুযোগ নিয়ে আবারও চালু হয়েছে ‘ইরাসমাস মুন্ডাস ইন্টার্নশিপ’। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত এই পেইড ইন্টার্নশিপ প্রোগ্রামে বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ইউরোপের স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজের সুযোগের পাশাপাশি এতে থাকছে আকর্ষণীয় মাসিক ভাতা ও আবাসন সহায়তা।
কারা আবেদনের যোগ্য: ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থী এবং গ্র্যাজুয়েটরা এই ইন্টার্নশিপে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট বিষয়ের শেষ বর্ষের শিক্ষার্থীরাও আবেদনযোগ্য। তবে আবেদনকৃত নির্দিষ্ট ইন্টার্নশিপের জন্য চাওয়া বিশেষ যোগ্যতাগুলো পূরণ করতে হবে।
যেসব খাতে কাজের সুযোগ: ২০২৫ সালের ইরাসমাস ইন্টার্নশিপ প্রোগ্রামে বৈচিত্র্যময় সব বিষয় রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে:
  • প্রকৌশল ও প্রযুক্তি, প্রাকৃতিক বিজ্ঞান, গণিত ও ইনফরমেটিকস।
  • ব্যবসায় ও ব্যবস্থাপনা, আইন, চিকিৎসাবিজ্ঞান ও কৃষিবিজ্ঞান।
  • সমাজবিজ্ঞান, মানবিক শাখা, ভাষা ও সাহিত্য, শিল্প ও নকশা।
  • যোগাযোগ ও তথ্যবিজ্ঞান, স্থাপত্য ও নগর–পরিকল্পনা এবং শিক্ষা ও শিক্ষক প্রশিক্ষণ।
মেয়াদ ও আকর্ষণীয় সুবিধাসমূহ: নির্বাচিত প্রার্থীরা কাজের অভিজ্ঞতার পাশাপাশি আর্থিক ও প্রাতিষ্ঠানিক বিভিন্ন সুবিধা পাবেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
  • নির্দিষ্ট হারে মাসিক ভাতা ও ভ্রমণ ভাতা।
  • আবাসন সহায়তা।
  • আন্তর্জাতিক প্ল্যাটফর্মে স্বীকৃত প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সনদ।
  • অনেক ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। এমনকি কিছু ইন্টার্নশিপ ঘরে বসে অনলাইনে করার সুযোগও রয়েছে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে ইরাসমাস মুন্ডাসের অফিশিয়াল ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এরপর নিজের পছন্দের ইন্টার্নশিপটি নির্বাচন করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন ফরম পূরণ করতে হবে। যেহেতু প্রতিটি ইন্টার্নশিপের সময়সীমা ভিন্ন, তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট প্রোগ্রামের শেষ তারিখ ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
–লামিয়া আক্তার