বেসরকারি উচ্চশিক্ষার অন্যতম বিদ্যাপীঠ স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের নতুন উপাচার্য (ভিসি) হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ, কৌশলবিদ ও সুশাসন বিশেষজ্ঞ ড. শরীফ নাফে আস্-সাবের। মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে আগামী চার বছরের জন্য তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. ফারাহনাজ ফিরোজ এবং বিশ্ববিদ্যালয়ের ডিন ও বিভাগীয় প্রধানদের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
ড. শরীফ নাফে আস্-সাবেরের তিন দশকের কর্মজীবন আন্তর্জাতিক পরিমণ্ডলে বিস্তৃত। স্টামফোর্ড ইউনিভার্সিটিতে যোগদানের আগে তাঁর উল্লেখযোগ্য কিছু দায়িত্ব ছিল:
ওমান: সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক।
জাতিসংঘ: ২০২৩-২৫ মেয়াদে জাতিসংঘের প্রিন্সিপলস অব ম্যানেজমেন্ট এডুকেশন (মধ্যপ্রাচ্য অধ্যায়)-এর ভাইস চেয়ারপারসন।
অস্ট্রেলিয়া: আরএমআইটি (RMIT) বিশ্ববিদ্যালয়ে অ্যাসোসিয়েট ডিন, ভারপ্রাপ্ত ডেপুটি প্রো-ভাইস চ্যান্সেলরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ। এছাড়াও মনাশ বিশ্ববিদ্যালয়ে এমফিল (ইন্ডাস্ট্রি) প্রোগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন ও আন্তর্জাতিক সম্পর্কে উচ্চশিক্ষা শেষে তিনি অস্ট্রেলিয়ার তাসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং মনাশ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তার গবেষণার প্রধান ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে: সুশাসন ও জননীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), জলবায়ু পরিবর্তন ও নৈতিকতা, আন্তর্জাতিক ব্যবসায় কৌশল
একাডেমিক জগতের বাইরেও ড. শরীফের প্রশাসনিক অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) স্থানীয় সরকার প্রধানসহ নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার এই প্রশাসনিক ও আন্তর্জাতিক একাডেমিক অভিজ্ঞতার সমন্বয় স্টামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
বিশ্ববিদ্যালয়টির পিআরডি ডিভিশনের প্রধান প্রদীপ্ত মোবারক জানিয়েছেন, নতুন উপাচার্যের নেতৃত্বে স্টামফোর্ড ইউনিভার্সিটি আন্তর্জাতিক মানদণ্ডে নিজেদের আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
–লামিয়া আক্তার










