মেস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পুরান ঢাকার একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজ ও সংস্কৃতি বিভাগের রাকিবা সুলতানা নামের এক নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।  ওই শিক্ষার্থীর গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলায়।

রবিবার রাত সাড়ে ১০ টায় পুরান ঢাকার কলতা বাজার পানির পাম্পের পাশের একটি মেস থেকে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন পুলিশ সদস্যরা।

তার মৃত্যুর বিষয়টি বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন ইসলামিক স্টাডিজ ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মাহমুদা খানম।

তিনি বলেন, ‘আমি তার সহপাঠী ও বিভাগের ফেইসবুক গ্রুপ থেকে প্রথমে খবরটি জানতে পারি। জানার সাথে সাথেই আমি বাসা থেকে রওনা দিয়েছি ঘটনাস্থলের উদ্দেশ্যে। আসলেই এমন একটি ঘটনা আমাদের জন্য সত্যিই কষ্টদায়ক ও নির্মম। তার মৃত্যুতে বিভাগের পক্ষ থেকে শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো ছাড়া এ মুহুর্তে বলার আর কোনো ভাষা নেই। ’

তিনি আরও বলেন, ‘পুলিশ আমাকে জানিয়েছে সেই সম্ভবত বিকেল তিনটা সাড়ে তিনটার সময় গলায় ফাঁস দেন। তবে কেন আত্মহত্যা করেছে এ বিষয়ে পুলিশ কিছুই বলতে পারেনি।  এ মুহূর্তে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছেন।

-সাইমুন