ফরাসি সুপার কাপ পিএসজির

ফরাসি সুপার কাপের রোমাঞ্চকর এক লড়াইয়ের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। কুয়েতের মাঠে পিএসজি ও মার্শেইর মধ্যকার ধ্রুপদী লড়াইটি নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতায় থাকার পর টাইব্রেকারে গড়ায়। সেখানে ৪-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে শিরোপা উৎসবে মাতে প্যারিসের ক্লাবটি। এই জয়ে মার্শেইর ১৪ বছরের ট্রফি খরা ঘুচানোর স্বপ্ন ধূলিসাৎ করে দিল লুইস এনরিকের দল।

কুয়েতের জাবের আল-আহমাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ফরাসি সুপার কাপের ফাইনালে  নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে গোল করে সমতা ফেরানোর পর টাইব্রেকারে মার্শেইকে ৪-১ ব্যবধানে হারিয়ে শিরোপা ধরে রাখলো বর্তমান চ্যাম্পিয়নরা। এই পরাজয়ে গত ১৪ বছর ধরে শিরোপাহীন থাকা মার্শেইর অপেক্ষার প্রহর আরও দীর্ঘ হলো।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল পিএসজি। ১৩তম মিনিটে উসমান দেম্বেলের গোলে লিড নেয় তারা। তবে বিরতির পর খেলায় ফেরে মার্শেই। পেনাল্টি থেকে গোল করে দলকে ১-১ সমতায় ফেরান ম্যাসন গ্রিনউড। ম্যাচের শেষ দিকে উত্তেজনা চরমে পৌঁছায়। ৮৭ মিনিটে হামেদ ত্রাওরের ক্রস বিপদমুক্ত করতে গিয়ে নিজের জালেই বল জড়িয়ে দেন পিএসজি ডিফেন্ডার উইলিয়ান পাচো।

২-১ গোলে এগিয়ে যাওয়া মার্শেই যখন শিরোপা উদযাপনের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই স্টপেজ টাইমের পঞ্চম মিনিটে পাশার দান উল্টে দেন গনসালো রামোস। তার গোলে ২-২ সমতায় ম্যাচ শেষ হলে খেলা গড়ায় সরাসরি টাইব্রেকারে।

টাইব্রেকারে পিএসজির জয়ের নায়ক গোলরক্ষক লুকাস শেভালিয়ের। মার্শেইর নেওয়া প্রথম দুটি শটই অসাধারণ দক্ষতায় রুখে দেন তিনি। অন্যদিকে পিএসজির হয়ে দেসিরে দুয়ে জয়নির্ধারক পেনাল্টিটি জালে জড়াতেই উৎসবে মাতে প্যারিস ক্লাব। পিএসজির খেলোয়াড়দের উল্লাসের বিপরীতে হতাশায় ভেঙে পড়েন মার্শেইর ফুটবলাররা; অনেককেই মাঠে কান্না করতে দেখা যায়।

এই জয়ের মাধ্যমে পিএসজি গত ১৪টি সুপার কাপের মধ্যে ১৩টি জেতার অনন্য নজির গড়ল। অন্যদিকে হাতের নাগালে আসা ট্রফি হাতছাড়া হওয়ায় মার্শেইর দীর্ঘ ১৪ বছরের শিরোপা খরা অব্যাহত থাকল। গত মৌসুমের লিগ ও কাপ জেতা পিএসজি নতুন বছরের শুরুটাও করল শিরোপা জয়ের মধ্য দিয়ে।

-এম. এইচ. মামুন