জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের এখন পর্যন্ত ১৩টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফলে সহসভাপতি (ভিপি) পদে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব ১ হাজার ৪৫৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভিপি পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ছাত্রশিবির–সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন মোট ১ হাজার ৩৫৯ ভোট।
সাধারণ সম্পাদক (জিএস) পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলিম আরিফ ১ হাজার ৪৬৯ ভোট পেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। একই পদে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ৭২৪ ভোট।
সহসাধারণ সম্পাদক (এজিএস) পদেও এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মাসুদ রানা। তিনি পেয়েছেন মোট ১ হাজার ৩৪৬ ভোট। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী বিএম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১ হাজার ১৫৯ ভোট।
নির্বাচন কমিশন জানিয়েছে, অন্যান্য বিভাগ ও কেন্দ্রের ফলাফল গণনা এখনও চলমান রয়েছে। পর্যায়ক্রমে বাকি ফলাফল ঘোষণা করা হবে।
উল্লেখ্য, মঙ্গলবার জকসু ও হল সংসদ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ, আনিসুর রহমান ও কানিজ ফাতেমা কাকলী আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করছেন।
মালিহা নামলাহ










