সহজলভ্য সবজি কুমড়া যতটা পুষ্টিগুণসম্পন্ন ঠিক ততটাই উপকারী কুমড়ার বীজ। ড্রাই ফুড হিসেবে দারুণ একটি খাবার হতে পারে কুমড়ার বীজ।
শরীরে ‘পাওয়ার হাউস’ হিসেবে কাজ করে কুমড়ার বীজ। প্রতি ১০০ গ্রাম কুমড়ার বিচিতে প্রায় ৫৬০ ক্যালোরি পাওয়া যায়। নানা পুষ্টিগুলে ভরপুর হওয়ায় এ বীজে রয়েছে অসংখ্য জাদুকরী শক্তি। এই বীজ হার্ট, হাড় ও প্রোস্টেটের স্বাস্থ্যের উন্নতি করে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ভালো ঘুম হয়। এতে আছে জিংক, ম্যাগনেসিয়াম, আয়রন, প্রোটিন, ফাইবার ও স্বাস্থ্যকর ফ্যাট, যা শরীরকে শক্তি যোগায় এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ফ্রি র্যাডিক্যাল থেকে রক্ষা করে। এটি মানসিক চাপ কমায় এবং শুক্রাণু ও ত্বকের স্বাস্থ্যের জন্যও উপকারী।
কুমড়ার বীজের উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক
হার্টের স্বাস্থ্য উন্নত করে: এর মধ্যে থাকা স্বাস্থ্যকর ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক এবং হৃদযন্ত্রের স্বাস্থ্য রক্ষা করে। মিষ্টি কুমড়ার বিচিতে থাকা জিঙ্ক ইমিউন সিস্টেম মজবুত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
কোলেস্টেরল কমায়: এর মধ্যে থাকা ফাইবার এবং স্বাস্থ্যকর ফ্যাট কোলেস্টেরল কমাতে সাহায্য করে, যা হৃদযন্ত্রের জন্য ভালো।
শুক্রাণুর পরিমাণ বাড়ায়: পুরুষরা বিশেষ করে ডায়েটে কুমড়োর বীজ রাখুন। এই বীজে ভালো পরিমাণে জিঙ্ক থাকে। জিঙ্ক পুরুষের উর্বরতা বাড়াতে সাহায্য করে। এটি টেস্টোস্টেরনের মাত্রা এবং শুক্রাণুর গুণমান ও পরিমাণও বাড়ায়। আপনি যদি বাবা হওয়ার পরিকল্পনা করে থাকেন, তাহলে নিয়মিত কুমড়ার বীজ খান।
মানসিক স্বাস্থ্যের উন্নতি: মিষ্টি কুমড়ার বীজে ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড থাকে, যা সেরোটোনিন তৈরিতে সাহায্য করে। এটি মানসিক চাপ কমায় এবং ভালো ঘুম আনতে সাহায্য করে।
হাড় মজবুত করে: ম্যাগনেসিয়াম এবং ফসফরাস হাড়ের গঠন মজবুত রাখতে সাহায্য করে।
ঘুমের সমস্যায় কুমড়ার বীজ: যদি ঘুমের সমস্যায় দীর্ঘদিন ভোগেন তবে কুমড়ার বীজকে কাজে লাগাতে পারেন। কারণ কুমড়ার বীজে আছে সেরোটোনিন। এ উপাদান মানসিক চাপ কমিয়ে ঘুম এনে দিতে পারে নিমিষেই।
অ্যান্টি-অক্সিডেন্ট গুণাবলি: এর মধ্যে থাকা ভিটামিন ই এবং অন্যান্য অ্যান্টি-অক্সিডেন্ট শরীরকে ফ্রি র্যাডিক্যালের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে এবং বার্ধক্যজনিত সমস্যা কমায়।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক: মিষ্টি কুমড়ার বীজে গ্লাইকেমিক ইনডেক্স কম হওয়ায় এটি রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।
কোষ্ঠকাঠিন্য সমস্যার সমাধানে: এতে ফাইবার থাকায় পেটের স্বাস্থ্য ভালো রাখে। কোষ্ঠকাঠিন্যের সমস্যার সমাধানে ভালো কাজ করতে পারে।
ওজন কমাতে সহায়ক: ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে, যা ওজন কমানোর প্রচেষ্টায় সহায়ক। নিয়ম করে ব্রেকফাস্টে অতি অবশ্যই খান কুমড়ার বীজ।
স্বাস্থ্যকর ফ্যাট: মিষ্টি কুমড়ার বীজের স্বাস্থ্যকর ফ্যাট কোলেস্টেরল কমাতে সাহায্য করে। তাই ওজন নিয়ন্ত্রণেও এটি ভালো কাজ করে।
চুল ও ত্বকের স্বাস্থ্য: এ বীজ চুল ও ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে কাজ করতে পারে।
কুমড়ার বীজকে ড্রাই ফুড করার উপায়
কুমড়ার বীজকে ড্রাই করে খেতে চাইলে প্রথমে পাকা কুমড়া থেকে বীজ আলাদা একটি প্লেটে ছিটিয়ে রাখুন। নিয়মিতভাবে রোদে শুকাতে হবে এই বীজগুলো কিংবা রান্নার সময় গরম চুলার নিচে রাখুন। ঝরঝরে হলে ফ্রাইপ্যানে তেল ব্রাশ করে হালকা ভিজে নিতে পারেন। সকাল এবং বিকালের নাশতায় কুমড়ার বীজ ড্রাই ফুড হিসেবে দারুণ উপকারী।
কখন খেতে হবে:
- সকালে খালি পেটে বা নাস্তায় সরাসরি খান।
- সালাদ, দই বা স্মুদির সাথে মিশিয়ে খেতে পারেন।
- হালকা ভেজে বা রোদে শুকিয়ে সংরক্ষণ করতে পারেন।
কুমড়ার বীজ একটি সহজলভ্য এবং পুষ্টিকর খাবার, যা আপনার দৈনন্দিন খাদ্যতালিকায় সহজেই অন্তর্ভুক্ত করা যায়।
সতর্কতা
অ্যালার্জির সমস্যা থাকলে এটি খাওয়া এড়িয়ে চলুন। মিষ্টি কুমড়ার বীজে প্রচুর ক্যালোরি থাকায় এটি বেশি পরিমাণে কখনও খাবেন না। একজন প্রাপ্ত বয়স্কের জন্য ১৫ থেকে ২০টি বীজই যথেষ্ট বলে মনে করছেন পুষ্টিবিদরা।
সাবিনা নাঈম










