মোস্তাফিজ ইস্যুর পর আগামী আইপিএলে নাম দেওয়া নিয়ে ভাববেন সাকিব

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর থেকেই বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাঙ্গনে তোলপাড় চলছে। এই প্রেক্ষাপটে এবার আইপিএল নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন বাংলাদেশের তরুণ পেস বোলিং অলরাউন্ডার তানজিম হাসান সাকিব। তিনি জানিয়েছেন, আগামী বছর আইপিএলে নাম দেওয়া হবে কি না, সে বিষয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন।

অভিজ্ঞ বাঁহাতি পেসার মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় চুপ থাকেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তার কারণ দেখিয়ে ভারত সফরে গিয়ে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছে বোর্ড। বিষয়টি এখন আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। সবুজ সংকেত মিললে বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের সম্ভাবনা রয়েছে।

এই অনিশ্চয়তার মধ্যেই আইপিএল নিয়ে আগের মতো আগ্রহী নন তানজিম হাসান সাকিব। উল্লেখ্য, ২০২৬ সালের আইপিএল নিলামে মোস্তাফিজের পাশাপাশি সাকিবসহ বাংলাদেশের ছয় ক্রিকেটার নাম দিয়েছিলেন। তবে মোস্তাফিজ ও তাসকিন আহমেদ ছাড়া আর কারও নাম নিলামে ওঠেনি। এর মধ্যে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স, যদিও পরিবর্তিত পরিস্থিতিতে তার আইপিএল খেলা হচ্ছে না।

এই ঘটনার প্রভাবেই আইপিএল থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কথা ভাবছেন সাকিব। মঙ্গলবার সিলেটে রাজশাহী ওয়ারিয়র্সের অনুশীলন শেষে এ বিষয়ে কথা বলেন তিনি।

সাকিব বলেন, “আইপিএল থেকে উনাকে (মোস্তাফিজ) কেন সরিয়ে দিল—এটা আসলে আমরা কেউ জানি না। হয়তো রাজনৈতিক কোনো ইস্যু হতে পারে। কিন্তু ক্রিকেটে রাজনীতি না আসাই ভালো। আমরা ক্রিকেটার হিসেবে রাজনৈতিক দিক দিয়ে চিন্তা করি না।”

-এমইউএম/