মচমচে ‘দই-ফুলকি কাবাব’

​ইফতারে কাবাব মানেই আমরা সাধারণত মাংসের কাবাব বুঝি। তবে উত্তর ভারতীয় স্টাইলের এই ‘দই-ফুলকি কাবাব’ একটি সম্পূর্ণ ভিন্নধর্মী নিরামিষ পদ যা একইসাথে মচমচে এবং ভেতরে ক্রিমি। এটি তৈরি করা যেমন সহজ, এর স্বাদও মুখে লেগে থাকার মতো।

উপকরণ:​ছানা বা টক দই: ১ কাপ (সুতি কাপড়ে বেঁধে পানি ঝরানো, গ্রেট করা পনির আধা কাপ, সেদ্ধ আলু ১টি (বাইন্ডিংয়ের জন্য),​ কাঁচামরিচ ও পুদিনা পাতা কুচি ১ টেবিল চামচ, ভাজা জিরে গুঁড়ো আধা চা চামচ, কর্নফ্লাওয়ার বা ব্রেড ক্রাম্বস: ভাজার জন্য, কিসমিস কুচি সামান্য (ভেতরে দেওয়ার জন্য)

প্রণালি:
পানি ঝরানো ঘন দইয়ের সাথে গ্রেট করা পনির, সেদ্ধ আলু এবং সব মশলা দিয়ে খুব সাবধানে মেখে নিন। মিশ্রণটি যেন খুব বেশি নরম না হয়। হাতের তালুতে সামান্য তেল মেখে ছোট ছোট বল তৈরি করুন । প্রতিটি বলের মাঝখানে ১টি করে কিসমিস ভরে দিন। এবার বলগুলোকে কর্নফ্লাওয়ার বা ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিন। কড়াইতে তেল গরম করে দ্রুত সোনালি করে ভেজে নিন। বেশিক্ষণ ভাজবেন না, কারণ ভেতরের দই গলে যেতে পারে। বাইরের অংশটি হবে পাতলা ও মচমচে আর কামড় দিলেই ভেতরে মিলবে টক-মিষ্টি ক্রিমি স্বাদ। তেঁতুলের চাটনির সাথে এটি ইফতারে সেরা চমক।

-বিথী রানী মণ্ডল