রোজার মাসে সংযম, পবিত্রতা আর আত্মশুদ্ধির আবহের সঙ্গে পোশাক-পরিচ্ছদেও আসে ভিন্ন এক মাত্রা। এই সময় অনেক নারীই হিজাবের দিকে ঝুঁকেন কেউ নিয়মিত, কেউ আবার নতুনভাবে শুরু করেন। হিজাব শুধু একটি ধর্মীয় অনুশীলনই নয়, বরং এটি ব্যক্তিত্ব, শালীনতা ও সৌন্দর্যের এক অনন্য প্রকাশ।
রোজায় হিজাব পরার অন্যতম আকর্ষণ হলো এর স্নিগ্ধ ও মার্জিত উপস্থিতি। হালকা রঙের স্কার্ফ, নরম কাপড় আর আরামদায়ক স্টাইল দিনের বেলায় যেমন স্বস্তি দেয়, তেমনি ইফতার কিংবা তারাবির সময় তৈরি করে পরিপাটি ও পরিশীলিত লুক। অনেকেই রমজানে পোশাকের সঙ্গে মিলিয়ে ভিন্ন ভিন্নভাবে হিজাব স্টাইল করে নিজের ফ্যাশন সেন্সও তুলে ধরেন।
এছাড়া রোজার সময় আত্মনিয়ন্ত্রণ ও আত্মশুদ্ধির যে চর্চা, হিজাব সেই মানসিকতার প্রতীক হিসেবেও কাজ করে। এটি অনেককে ভেতর থেকে আরও আত্মবিশ্বাসী করে তোলে এবং নিজের পরিচয়কে গর্বের সঙ্গে ধারণ করতে অনুপ্রাণিত করে।
রোজায় হিজাব শুধু একটি পোশাক নয় এটি এক ধরনের আধ্যাত্মিক ও নান্দনিক সৌন্দর্যের প্রকাশ, যা একজন নারীকে আলাদা এক মর্যাদা ও স্নিগ্ধতায় ভরিয়ে তোলে।
-বিথী রানী মণ্ডল










