এইচএসসি ফরম পূরণের তারিখ আবারও পরিবর্তন, শুরু ১ মার্চ

ছবি- সংগৃহীত।

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণের তারিখ ফের পরিবর্তন করে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। মঙ্গলবার (৬ জানুয়ারি) প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ মার্চ থেকে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে।

একই সঙ্গে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৪ জানুয়ারি প্রকাশিত ফরম পূরণসংক্রান্ত বিজ্ঞপ্তিটি বাতিল করা হয়েছে।

নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে তার ফলাফল আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করতে হবে। নির্বাচনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই শিক্ষার্থীরা ফরম পূরণের যোগ্যতা অর্জন করবে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ফরম পূরণের বিস্তারিত সময়সূচি ও নির্দেশনা যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, এর আগে দুই দফায় এইচএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। তবে বিভিন্ন কারণে সেই সময়সূচিতে একাধিকবার পরিবর্তন আনা হলো।

মালিহা