বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর শাহবাগ থানার চাঁনখারপুল এলাকায় ক্ষুদ্র ঝুট ব্যবসায়ী মো. মনির নিহতের ঘটনায় করা মামলায় সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৫ জানুয়ারি) তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে শুনানি শেষে ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া এই আদেশ দেন।
এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম খান পুলক আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে জোরালো যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিলের আবেদন করলে আদালত উভয় পক্ষের শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শাহবাগের চাঁনখারপুল এলাকায় ছাত্র-জনতার বিক্ষোভে অংশ নেন ক্ষুদ্র ঝুট ব্যবসায়ী মনির। ওই দিন দুপুরে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হলে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি।
এই হত্যাকাণ্ডের ঘটনায় গত ১৪ মার্চ নিহতের স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে শাহবাগ থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় দীপঙ্কর তালুকদারসহ ৩৫১ জনকে নামীয় আসামি করা হয়েছে। এ ছাড়া আরও ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি হিসেবে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে থাকা সাবেক এই প্রতিমন্ত্রীকে সম্প্রতি গ্রেপ্তার করা হয় এবং এই মামলার তদন্তের স্বার্থে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে জানিয়েছে পুলিশ।