বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত চারটি হত্যা মামলাসহ মোট ৫টি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন।
আদালতে আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন এবং তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট হৃদয় রহমান। শুনানি শেষে আদালত ৫টি মামলাতেই আইভীর জামিন মঞ্জুর করেন। এর আগে এই মামলাগুলোতে তার জামিন আবেদন নিম্ন আদালতে নামঞ্জুর করা হয়েছিল এবং উচ্চ আদালতের আগের জামিনও আপিল বিভাগে স্থগিত ছিল।
২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের আদমজী এলাকায় গুলিতে পোশাকশ্রমিক মিনারুল ইসলাম নিহত হন। এই ঘটনায় ২৩ সেপ্টেম্বর নিহতের ভাই নাজমুল হক বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩২ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এই মামলায় মেয়র আইভীকে ১২ নম্বর আসামি করা হয়েছিল। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে আরও তিনটি হত্যা মামলাসহ মোট ৫টি মামলা দায়ের করা হয়।
গত নভেম্বর মাসে আইভী এই ৫ মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ সেই জামিন স্থগিত করে দিয়েছিলেন। পরবর্তী সময়ে তাকে এই মামলাগুলোতে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো হয় এবং গত বছরের মে মাসে মিনারুল হত্যা মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। আজকের আদেশের ফলে তার কারামুক্তির পথে বড় বাধা দূর হলো বলে মনে করছেন আইনজীবীরা।
সাবেক মেয়র আইভী বর্তমানে কারাগারে রয়েছেন। তার আইনজীবীরা জানিয়েছেন, উচ্চ আদালতের জামিন আদেশের কপি সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছানোর পর এবং অন্য কোনো মামলায় আইনি জটিলতা না থাকলে তিনি দ্রুতই মুক্তি পেতে পারেন।
–লামিয়া আক্তার










